ফটিকছড়িতে ৫ দিনে ১৪ গরু চুরি আতঙ্কে খামারিরা

Printed Edition

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সঙ্ঘবদ্ধ চোরচক্রের তৎপরতা বেড়ে গরু চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। মাত্র পাঁচ দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৪টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরি যাওয়া গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা হবে। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন স্থানীয় খামারি ও কৃষকরা।

স্থানীয় সূত্র জানায়, ২ ডিসেম্বর লেলাং ইউনিয়ন, ৬ ডিসেম্বর নারায়ণহাট ইউনিয়ন এবং ৭ ডিসেম্বর নাজিরহাট পৌর এলাকায় ধারাবাহিকভাবে এসব চুরি হয়। গভীর রাতে (রাত ২টা থেকে ভোর ৫টা) গোয়ালঘরের তালা ভেঙে চোরচক্র কৌশলে গরু নিয়ে পালিয়ে যাচ্ছে। এর মধ্যে দুধেল গাভী ও হালের গরু বেশি থাকায় অনেক কৃষক সরাসরি অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন।

ভুক্তভোগী কৃষক আবুল কালাম জানান, ‘ঋণ করে দুটি গরু কিনেছিলাম, এক রাতে দুটোই চুরি হলো। এখন ঋণ শোধ করব কিভাবে বুঝতে পারছি না।’ আরেক কৃষক নুরুল ইসলাম বলেন, ‘রাতের ঘুম হারাম করে পাহারা দিচ্ছি, তবু আতঙ্ক কাটছে না।’

ফটিকছড়ি থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, ‘চোরচক্র শনাক্তে টহল বাড়ানো হয়েছে, কয়েকটি এলাকায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।’

স্থানীয়দের অভিযোগ, পূর্বের ঘটনাগুলোর কোনোটিরই সুষ্ঠু তদন্ত বা গ্রেফতার না হওয়ায় চোরচক্র আরো বেপরোয়া হয়ে উঠেছে। কৃষকদের দাবি, দ্রুত চক্রটিকে গ্রেফতার না করলে সামনে কোরবানির ঈদকে ঘিরে চুরির মাত্রা আরো বাড়তে পারে।