ফেরার পরপরই চ্যাম্পিয়ন এফসি থুন

Printed Edition

ক্রীড়া ডেস্ক

সুইস সুপার লিগে ইতিহাসের অংশ হয়ে গেল এফসি থুন। ক্লাবটির ১২৮ বছরের ইতিহাসে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেল তারা। ট্রফি জয়ের দুয়ারে পৌঁছে সবশেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরে অপেক্ষা বাড়ছিল তাদের। তবে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দল নিজেদের শেষ ম্যাচে হেরে যাওয়া ধরা দিলো সেই মাহেন্দ্রক্ষণ। আর তাতেই সুইজারল্যান্ডের লিগ জয়ের বহুল আকাক্সিক্ষত উৎসব শুরু হয়ে গেল থুন শিবিরে। দ্বিতীয় স্থানে থাকা সেন্ট গ্যালেনের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে ট্রফি নিশ্চিত হয় থুনের।

অবিশ্বাস্য, অভাবনীয় কিংবা অন্য কোনো বিশেষণই হয়তো যথেষ্ট নয় থুনের এই সাফল্য বর্ণনা করার জন্য। গত মৌসুমেও তারা ছিল দ্বিতীয় বিভাগে। দলটি এই মৌসুমে শীর্ষ লিগে ফেরে দীর্ঘ পাঁচ বছর পর। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি মৌসুমের শুরু থেকেই লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। কিন্তু সবশেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরে যাওয়ায় আরে নদীর তীরে অবস্থিত এই ছোট শহরের উদযাপনের অপেক্ষা বেড়ে যায়। শেষ পর্যন্ত ইউরোপিয়ান ফুটবলে তিন রাউন্ড বাকি রেখেই আরেকটি রূপকথার জন্ম দিয়ে শিরোপা জয় করল এফসি থুন।

এই মৌসুমের আগে লিগে থুনের সেরা সাফল্য ছিল ২০০৪-০৫ মৌসুমে দ্বিতীয় হওয়া, যা পরের মৌসুমে তাদের সুযোগ করে দেয় চ্যাম্পিয়ন্স লিগে খেলার। অসাধারণ এক গল্প লিখে এবার ঘরোয়া লিগ জেতায় আগামী মৌসুমে আবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় খেলবে থুন।