‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’ প্রদর্শনীতে স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান

Printed Edition
bino-2
‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’ প্রদর্শনীতে স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান

বিনোদন প্রতিবেদক

হ্যালোউইন মৌসুম শুরুর আগেই ভক্তদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হলেন হলিউড তারকা স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান। ১৯৯৮ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর বিশেষ প্রদর্শনীতে হঠাৎ উপস্থিত হয়ে দর্শকদের উচ্ছ্বাসে ভাসান এই দুই অভিনেত্রী। শনিবার রাতে লস অ্যাঞ্জেলেসের হলিউড ফরএভার সেমেট্রিতে আয়োজিত সিনেসপিয়ার বিশেষ প্রদর্শনীতে তাদের মঞ্চে উঠতেই করতালি ও উল্লাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা। দর্শকদের উদ্দেশে স্যান্ড্রা বুলক বলেন, ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’ কবরস্থানে প্রদর্শনের জন্য একেবারে উপযুক্ত ছবি। আর নিকোল কিডম্যান জানান, ‘দ্বিতীয় চলচ্চিত্রটি নির্মাণে আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ। খুব শিগগিরই এটি আপনাদের সামনে আসছে।’

এ সময় তারা সিক্যুয়েলের নতুন দুই অভিনয়শিল্পী জোয়ি কিং ও মেইজি উইলিয়ামসকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেন। পরে সবাই মিলে নতুন ছবির সফলতা কামনায় শুভেচ্ছা বিনিময় করেন। বিশেষ এই আয়োজনের মধ্য দিয়ে বহু প্রতীক্ষিত ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক-২’ নিয়ে দর্শকদের আগ্রহ আরো বেড়ে যায়। নতুন ছবিতে আবারো অনাথ দুই বোন স্যালি ও গিলিয়ান ওউয়েন্স চরিত্রে অভিনয় করছেন স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান। ১৯৯৮ সালের মূল ছবিতে দুই বোন তাদের জাদুকরী খালাদের কাছে বড় হলেও দীর্ঘদিন জাদুবিদ্যা থেকে দূরে ছিলেন। পরে পরিবারের নারীদের ভালোবাসার পথে অভিশাপ হয়ে দাঁড়ানো এক অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে তারা নিজেদের জাদুশক্তিকে গ্রহণ করেন। নতুন ছবির গল্প এগিয়েছে ২৫ বছর পরের সময়কে ঘিরে। স্যালির এখন দু’টি মেয়ে, যাদের চরিত্রে অভিনয় করেছেন জোয়ি কিং ও মেইজি উইলিয়ামস। তারাও উত্তরাধিকারসূত্রে জাদুকরী ক্ষমতার অধিকারী। একপর্যায়ে পারিবারিক এক অন্ধকার গোপন রহস্য উন্মোচিত হলে ওউয়েন্স পরিবার নতুন সঙ্কটে পড়ে। সেই অভিশাপ থেকে মুক্তি পেতে পরিবারের নারীদের আবারো একসাথে লড়াইয়ে নামতে হয়। সিক্যুয়েলে আগের ছবির ডায়ান উইস্ট ও স্টকার্ড চ্যানিংও ফিরেছেন তাদের পরিচিত চরিত্রে। নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন লি পেস, জোলো মারিদুয়েনা ও সলি ম্যাকলিওড। ছবিটি পরিচালনা করেছেন ‘দ্য পারফেক্ট কাপল’-খ্যাত নির্মাতা সুজানে বিয়ার। আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক-২’। ছবিটির প্রযোজনাতেও রয়েছেন স্যান্ড্রা বুলক, নিকোল কিডম্যান এবং ১৯৯৮ সালের ছবির প্রযোজক ডেনিস ডি নোভি।