জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৮

Printed Edition

আনাদোলু এজেন্সি

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোটো প্রদেশে গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। এখনো হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে এ তথ্য জানিয়েছে।

গত মঙ্গলবার কুমামোটো প্রদেশে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে ৩৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আরো দু’জনের মৃত্যু ভূমিকম্পের কারণে হয়েছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে। ভূমিকম্পের পর ২১০টি আশ্রয়কেন্দ্রে ৯ হাজার ২০০ জনের বেশি মানুষ অবস্থান করছেন। এ ছাড়া তিন হাজার ৪০০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কুমামোটোতে ৬৯ হাজারের বেশি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে এখনো সরবরাহের পানি পাওয়া যাচ্ছে না। ক্ষতিগ্রস্ত চিকিৎসাকেন্দ্রগুলোও ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্রমে ফেরার চেষ্টা করছে।

এদিকে প্রচণ্ড গরমে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম আরো কঠিন হয়ে পড়েছে। শনিবার হিটস্ট্রোকের উপসর্গ নিয়ে প্রায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুমামোটোর কিছু এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনো পাওয়া যায়নি। বিভিন্ন এলাকায় পরিদর্শন ও মূল্যায়ন অব্যাহত থাকায় ক্ষতিগ্রস্ত ভবনের সংখ্যা আরো বাড়তে পারে।