কিউবায় আবারো বিদ্যুৎ গ্রিড বিপর্যয়
Printed Edition
এএফপি
কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিডে নতুন করে বিপর্যয় দেখা দেয়ায় শনিবার রাজধানী হাভানাসহ দেশটির পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা অন্ধকার হয়ে গেছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি ইউএনই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৭ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২০৭) জাতীয় বিদ্যুৎ গ্রিড আংশিক বিপর্যয়ে কিউবার ১৫টি প্রদেশের মধ্যে পাঁচটিতে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
কিউবা বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কট মোকাবেলা করছে। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কমিউনিস্ট শাসনের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে দেশটির জ্বালানি সরবরাহে অবরোধ আরোপ করলে সঙ্কট আরো তীব্র হয়ে ওঠে।
ইউএনই জানিয়েছে, জ্বালানির তীব্র সঙ্কটের কারণে জাতীয় বিদ্যুৎ গ্রিড আগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একইসাথে ডিজেলচালিত জরুরি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো চালু রাখাও প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হাভানায় অনেক এলাকায় টানা ৩০ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ ছিল না। দেশের অন্যান্য অঞ্চলে কোথাও কোথাও কয়েক দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন থাকার ঘটনাও ঘটেছে। প্রায় ৯৪ লাখ মানুষের এই দ্বীপ রাষ্ট্রে বিদ্যুৎ সঙ্কট দিন দিন আরো প্রকট হয়ে উঠছে।