শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গার পর সেনা মোতায়েন

Printed Edition

এএফপি

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষ ও দাঙ্গার ঘটনা ঘটার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নিয়েছে দেশটির সরকার। আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সেখানে সেনাবাহিনী ও এলিট কমান্ডো বাহিনীর শত শত সদস্য মোতায়েন করা হয়েছে। গতকাল রোববার দেশটির সামরিক বাহিনীর ওই সদস্যদের মোতায়েন করা হয়েছে।

লঙ্কান পুলিশের উপমহাপরিদর্শক সঞ্জীব মেদাওয়াত বলেছেন, রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত মহারা কারাগারের ভেতরে কয়েদিরা শনিবার একাধিক ভবন ধ্বংস করেছেন। ওই সময় কয়েদিদের সহিংসতায় অন্তত একজন নিহত ও আরো ছয়জন আহত হয়েছেন। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কারাগারের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং কয়েদিদের নিজ নিজ কক্ষে ফেরত পাঠানোর লক্ষ্যে আমরা সশস্ত্রবাহিনী ও স্পেশাল টাস্ক ফোর্সের কমান্ডোদের কাছ থেকে অতিরিক্ত সহায়তা পেয়েছি।’ এর আগে, ২০২০ সালের নভেম্বরে একই কারাগারে রক্তক্ষয়ী এক দাঙ্গায় গুলিবিদ্ধ হয়ে অন্তত ১১ জন কয়েদি নিহত এবং ১২০ জন আহত হয়েছিলেন। একই অঞ্চলের অপর একটি কারাগারে প্রাণঘাতী দাঙ্গার ঠিক এক মাসের মাথায় সর্বশেষ ওই সহিংসতার ঘটনা ঘটেছে। আগের ওই দাঙ্গায় ১০ জন কারারক্ষী এবং ২১ জন কয়েদি প্রাণ হারিয়েছিলেন।

মেদাওয়াত বলেছেন, মহারা কারাগারের কয়েদিরা ভেতরের রান্নাঘর, হাসপাতাল, নতুন নির্মিত একটি পুনর্বাসন ভবন এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কারাগারটিতে ধারণক্ষমতার প্রায় চার গুণ অর্থাৎ মোট চার হাজার ১০০ জন কয়েদিকে রাখা হয়েছিল।