পেলের চেয়ে মেসি ভালো : ট্রাম্প
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইউরোপের ফুটবল ছেড়ে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ফুটবল মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। গত মৌসুমে আর্জেন্টাইন তারকার হাত ধরে ক্লাব ইতিহাসে প্রথমবার এমএলএসে চ্যাম্পিয়ন হয় মিয়ামি। শিরোপা জয়ের উদযাপন উপলক্ষে গত পরশু হোয়াইট হাউজে চ্যাম্পিয়নদের আমন্ত্রণ জানান ডোনাল্ড ট্রাম্প। যেখানে দলটির প্রধান তারকা মেসিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে তার প্রশংসা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের অভ্যর্থনায় ট্রাম্প ও মিয়ামির যৌথ মালিক জর্জ মাসের সাথে ইস্ট রুমে প্রবেশ করেন মেসি। সেখানে ট্রাম্পকে নিজের স্বাক্ষর করা একটি গোলাপি ফুটবল উপহার দেন মিয়ামির অধিনায়ক। এ ছাড়া দলটির মালিক ও কোচ হাভিয়ার মাসকেরানোর কাছ থেকে জার্সি ও ঘড়ি উপহার পান ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের সাথে কয়েক মাসের ব্যবধানে সাক্ষাৎ হয়েছে ফুটবলের অন্যতম দুই সেরা মহাতারকার। যেখানে তিনি নিজের ছেলে ব্যারন ট্রাম্পকে ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেসির ভক্ত বলে উল্লেখ করেছেন। সেখানেই সর্বকালের সেরা কে- মেসি নাকি রোনালদো, সেই বিতর্কও ভিন্নভাবে উসকে দিলেন ট্রাম্প। যদিও দু’জনকে তিনি ভিন্ন দু’টি তকমায় অভিহিত করেছেন।
২০২৩ সালের জুলাইয়ে মিয়ামিতে যোগ দেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে এবারই প্রথম হোয়াইট হাউজে সফর ছিল মেসির। অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মানিত করছি। একজন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো বলতে পারছি হোয়াইট হাউজে স্বাগতম, ‘লিওনেল মেসি’।
মেসিকে ট্রাম্প নিজের ছেলে সম্পর্কে বলেন, ‘সে আপনার অনেক বড় একজন ভক্ত। তার মতে আপনি একজন অসাধারণ মানুষ। আমার ধারণা এর আগে আপনাদের দেখাও হয়েছে। সে ফুটবলের অনেক বড় ভক্ত, তবে আপনারও একনিষ্ঠ ভক্ত। আর রোনালদো নামের একজন ভদ্রলোকেরও (ভক্ত)। ক্রিশ্চিয়ানো দারুণ। আপনিও দারুণ।’
অনুষ্ঠানের এক পর্যায়ে ট্রাম্পের কাছে ব্রাজিলিয়ান গ্রেট পেলের ব্যাপারে জানতে চাওয়া হলে মেসির দিকে তাকিয়ে বলেন, ‘আপনি হয়তো পেলের চেয়েও ভালো।’ তারপর দর্শকদের উদ্দেশ্যে তার প্রশ্ন, ‘কে বেশি ভালো?’ সেখানে উপস্থিত বেশির ভাগই রায় দেন মেসির পক্ষে। তাতে সুর মিলিয়ে ট্রাম্প বলে উঠেন, ‘আমি আপনাদের সাথে একমত। তবে সে অনেক ভালো, পেলে আসলেই ভালো।’
এর আগে রোনালদোকে সর্বকালের সেরা বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম টিকটক অ্যাকাউন্টে দেয়া এক ভিডিওতে তিনি সিআর সেভেনকে শিগগিরই যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানান। সেখানে ট্রাম্প বলেছিলেন, ‘রোনালদো, তুমি সর্বকালের সেরা (খেলোয়াড়)। আমরা তোমাকে আমেরিকায় চাই। চলে আসো, তোমাকে দ্রুত প্রয়োজন।’
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের সাথে সাক্ষাতের কথা ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছিলেন রোনালদো। সেখানে বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও মার্কিন প্রেসিডেন্টের সাথে বেশ হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবিও যুক্ত করেন তিনি।