চট্টগ্রাম মহানগর জামায়াত আমির

বাউল আবুল সরকারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন

Printed Edition
3rd-5
চট্টগ্রামে সমন্বয় বৈঠকে বক্তব্য রাখেন মহানগর জামায়াত আমির মুহাম্মদ নজরুল ইসলাম : নয়া দিগন্ত

চট্টগ্রাম ব্যুরো

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, মানিকগঞ্জের আবুল সরকার নামে একজন বাউল সম্প্রতি আল্লাহ, রাসূল সা: ও কুরআন সম্পর্কে মনগড়া, অশ্লীল ও ধিকৃত মন্তব্য করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে।

তিনি বলেন, ধর্মপ্রাণ মুসলমান ও বিবেকবান জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার তাকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগরী জামায়াতের কার্যালয়ে মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্যদের সাথে ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিয়েটের সমন্বয় বৈঠকে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, সোস্যাল মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা যায় ওই বাউল ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন ও চব্বিশের ডামি নির্বাচনে ফ্যাসিস্ট হাসিনার পক্ষে গান গেয়েছেন। পলাতক ফ্যাসিস্ট সরকারের দোসরকে অবশ্যই উপযুক্ত শাস্তি দিতে হবে। আবুল সরকারের পক্ষাবলম্বনকারীরা দেশে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নজরুলের অভিযোগ, বাম দলগুলোও স্বৈরাচারের দোসর আবুল সরকারের পক্ষে অবস্থান নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। তাদের সব ধরনের অপতৎপরতা বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ আলী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগরী সাংগঠনিক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান ও মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী।