মানবপাচার চক্রের চার রোহিঙ্গা গ্রেফতার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মতিঝিল থেকে মানবপাচার চক্রের সাথে জড়িত অভিযোগে চার রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গতকাল শুক্রবার ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গ্রেফতাররা হলেন মো: ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার, উম্মে কুলসুম ও অপ্রাপ্তবয়স্ক একজন।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিলের একটি হোটেলে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি টিম। এ সময় তাদের হেফাজত থেকে মানবপাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দু’টি ভিসার প্রিন্ট কপি জব্দ করা হয়। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা করা হয়। গ্রেফতাররা দীর্ঘদিন ধরে মানবপাচার কাজে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের আদালতে পাঠানো হয়েছে। এ দিকে যাত্রাবাড়ী এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২৫ পুরিয়া গাঁজা ও ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো: আবদুল্লাহ রাজু (৪২), মো: রাজন (২২), টুটুল (৩৫), মো: রাসেল (২৫), মো: রাসেল ওরফে টেরে রাসেল (২৬), আব্দুর রহিম রাহাত (২৩), মো: হৃদয় (২৮), মো: মনির হোসেন (৩৬), সাগর মিয়া (২৪) ও মো: সুজন (২০)।