চট্টগ্রামে আগুনে পুড়ে ছাই বস্তির অর্ধশত ঘর

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকার রেললাইনসংলগ্ন একটি বস্তিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে অর্ধশতাধিক ঘর। শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের কারখানার পেছনে এ বস্তির অবস্থান। সেখানে কারখানার শ্রমিকসহ নিম্ন আয়ের বিভিন্ন পেশার মানুষের বসবাস।

সোমবার সকাল পৌনে ১০টায় আগুনের সূত্রপাত হয়, যা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক শাহ ইমরান বলেন, ‘লেদুমিয়ার বস্তিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করছি রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।

তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে জানিয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহ ইমরান বলেন,পরে কেডিএসের কারখানা থেকে পাইপ দিয়ে পানি এসে আগুন নেভানো হয়। আগুনে কেউ হতাহত হয়নি।