সাতক্ষীরা সীমান্তে এক মাসে সাড়ে ৩ কোটি টাকার চোরাইপণ্য জব্দ
Printed Edition
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে গত এক মাসে সাড়ে তিন কোটি টাকারও বেশি মূল্যের ভারতীয় মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি, ক্যাম্প ও চেকপোস্ট এসব পৃথক অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে মোট তিন কোটি ৫১ লাখ ৬৮ হাজার ৬৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়।
জব্দ মালামালের মধ্যে রয়েছে গাঁজা, মদ, ফেনসিডিল, নেশাজাতীয় সিরাপ, নিকোটিন ট্যাব, এলএসডি, ঔষধ, সবজি বীজ, ধানের বীজ, নারকেল তেল, থ্রি-পিস, শাড়ি, বোরকা, আতর, কম্বল, ইমিটেশন গয়না, তালা-চাবি, চশমা, ক্রিম, বিড়ি, ইলেকট্রনিকস ও অন্যান্য ভারতীয় ভোগ্যপণ্য।
সূত্র আরো জানায়, পাচারকারীরা এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে সীমান্ত পথে বাংলাদেশে আনছিল। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির কারণে সীমান্তে চোরাচালান কার্যক্রম কমেছে এবং তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।
বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে এবং পরে তা জনসম্মুখে ধ্বংসের জন্য স্টোরে জমা রাখা হয়েছে। এছাড়া জব্দকৃত অন্যান্য ভারতীয় পণ্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমস-এ হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা বিজিবির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত করার আহ্বান জানিয়েছেন।