৩৯ ব্যাংকের উদ্যোগে দেশের প্রথম ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু
Printed Edition
বাংলাদেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংক একসাথে দেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি (বিএসআইসি) তাদের প্রথম ফান্ড ‘অঙ্কুর বাংলাদেশ ফান্ড ১’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমান।
প্রায় ৪২৫ কোটি টাকার (প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার) প্রতিশ্রুতি মূলধন নিয়ে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মের কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে অংশীদার ব্যাংকগুলো প্রতি বছর তাদের নিট মুনাফার ১ শতাংশ এই তহবিলে প্রদান করবে। ফলে এটি কোনো এককালীন তহবিল নয়, বরং একটি ধারাবাহিক মূলধন কাঠামো হিসেবে কাজ করবে। ফান্ডটি সিড, লেট-সিড এবং সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে।
দীর্ঘদিন ধরে বিদেশী বিনিয়োগনির্ভর দেশের স্টার্টআপ খাতে এটি একটি বড় মাইলফলক। প্রকাশিত তথ্যানুযায়ী, ২০১০ সাল থেকে এ খাতে ৪৫০টির বেশি বিনিয়োগ চুক্তির মাধ্যমে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন এলেও এর মধ্যে মাত্র ৭ শতাংশের কম এসেছে দেশীয় উৎস থেকে। বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে গত পাঁচ বছরের নিট মুনাফার ১ শতাংশ এই তহবিলে বিনিয়োগের অনুমতি দিয়ে বিএসআইসির কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নীতিগত কাঠামো নির্ধারণ করে দিয়েছে।
গভর্নর মো: মোস্তাকুর রহমান বলেন, বিএসআইসি দেশীয় পুঁজিকে উৎপাদনশীল ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা খাতে প্রবাহিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে উদ্ভাবনকে সহায়তার মাধ্যমে কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও আর্থিক অন্তর্ভুক্তি আরো শক্তিশালী হবে।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক রূপান্তরের এক নতুন পর্যায়ে প্রবেশ করছে, যেখানে ভবিষ্যৎ প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হবে উৎপাদনশীলতা, প্রযুক্তি, উদ্যোক্তা সংস্কৃতি এবং বেসরকারি খাতের উদ্ভাবন। বিএসআইসি আমাদের তরুণ উদ্যোক্তাদের সক্ষমতার প্রতি আস্থার প্রতিফলন।
বিএসআইসির চেয়ারম্যান ও সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন বলেন, বিএসআইসি শুধু একটি ফান্ড নয়, এটি এমন একটি প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম যা বাংলাদেশের উদ্যোক্তাদের স্বপ্নকে পেশাদার ও সুশৃঙ্খল মূলধনের সাথে যুক্ত করবে। ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের সমর্থনে স্থানীয় আস্থা এবং বৈশ্বিক ভেঞ্চার মানদণ্ডের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি হচ্ছে।
অনুষ্ঠানে বৈশ্বিক ভেঞ্চার ক্যাপিটাল অঙ্গনের অভিজ্ঞ বিশেষজ্ঞ ও বি ক্যাপিটালের সাবেক জেনারেল পার্টনার সামি আহমদকে বিএসআইসি বোর্ডের উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দেয়া হয়। ভেঞ্চারসুক, ওয়েভমেকার পার্টনার্স, ফাইভ হানড্রেড গ্লোবাল, এডিবি ভেঞ্চারস, প্লাগ অ্যান্ড প্লেসহ আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিএসআইসি জানিয়েছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, প্রধান বিনিয়োগ কর্মকর্তা ও পূর্ণাঙ্গ বিনিয়োগ কমিটি গঠন করে ২০২৬ সালের মধ্যেই প্রথম তিনটি বিনিয়োগ সম্পন্ন করা হবে। বিজ্ঞপ্তি।