দিনাজপুরের নবাবগঞ্জে মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অভিযান চালিয়ে ১৮ শ’ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী (শয়তান) জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ।
সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা ১৮ শ’ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে, উপজেলার বিনোদনগর ইউনিয়নের হাসখোলা বিল এবং কুশদহ ইউনিয়নের বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করে উপজেলা মৎস্য বিভাগ।
জাল ধ্বংস কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, চায়না দুয়ারী বা শয়তান জাল ব্যবহার আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের জালে মাছের পোনা, বড় মাছসহ বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে, যা প্রাকৃতিক মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইন বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার বলেন, অবৈধ জাল ব্যবহার করে কেউ যাতে জলাশয়ে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে।