আগামীর ভোট সরকার পরিবর্তনের নয়, দেশের পরিবর্তনের : নাহিদ ইসলাম
Printed Edition
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী নির্বাচনকে কেবল সরকার পরিবর্তনের ভোট নয়; বরং দেশের পরিবর্তনের ভোট হিসেবে ভাবতে হবে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং এনসিপি যে সংস্কার কার্যক্রমের অগ্রযাত্রা শুরু করেছিল, তা বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, একটি দল প্রকাশ্যে এবং অন্য একটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নেয়ায় সংস্কার নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। তবে জনগণের ভেতরে সংস্কার এবং পরিবর্তনের ব্যাপক চাহিদা থাকায় তারা গণভোটের বিষয়টি আদায় করতে পেরেছেন, আর তাই এবারের ভোট শুধু দলবদল বা সরকার পরিবর্তনের ভোট হবে না।
গতকাল রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে সংহতি জানানোর জন্য কারারুদ্ধ প্রবাসীদের মুক্তি হওয়ায় আয়োজিত এক দোয়া ও মুনাজাত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এবারের ভোটটি হবে মূলত সংস্কারের পক্ষে এবং বিপক্ষে একটি গণভোট। জনগণ বিচার-বিবেচনা করে ভোট দেবে, যেখানে গণভোটে ‘হ্যাঁ’ দেয়া মানে সংস্কারের পক্ষে থাকা এবং ‘না’ দেয়া মানে সংস্কারের বিপক্ষে থাকা।
তিনি বলেন, পতিত ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া আর কারোরই ‘না’-এর পক্ষে থাকা উচিত নয়। তবে কিছু রাজনৈতিক শক্তি পুরনো কাঠামোটাকেই বজায় রাখতে চায়, ফলে তাদের ‘না’-এর পক্ষে ক্যাম্পেইন করার আশঙ্কা আছে। এই বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, বর্তমানে দু’টি দল মুক্তিযুদ্ধ কার্ড (‘মুক্তিযুদ্ধ বনাম রাজাকার’) এবং ধর্ম কার্ড (‘ইসলাম বনাম ইসলামবিরোধী’) খেলছে, যা পুরনো রাজনীতি ফিরিয়ে এনে দেশকে আবার বিভক্ত করে ফেলছে। গণ-অভ্যুত্থান এই বিভাজনের ঊর্ধ্বে গিয়েই হয়েছে। তাই ‘জাতীয় নাগরিক পার্টি’ সংস্কারের অতন্দ্র প্রহরী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। এ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিনসহ আরো অনেকে বক্তব্য দেন।