চবিতে বিশ্ব আরবি ভাষা দিবস উদযাপিত
আরবি ভাষা ইহজগত ও পরজগতের মধ্যে সংযোগের মাধ্যম : ধর্ম উপদেষ্টা
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আরবি একটি আন্তর্জাতিক এবং বহুপ্রাচীন ভাষা, যার গুরুত্ব ও মূল্য অপরিসীম। আরবি ভাষার প্রভাব বিশ্বব্যাপী। এটি কেবল ভাষা নয়, সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ বাহক। বর্তমান বিশ্বে আরবি ভাষার ব্যবহার দিন দিন বাড়ছে এবং এর গুরুত্বও ক্রমবর্ধমান। এ ধরনের একটি ভাষাকে সম্মান জানানো আসলে নিজেকে সম্মানিত করারই অংশ। বিশেষভাবে মুসলিমদের জন্য আরবি ভাষার মর্যাদা আরো বেশি, কারণ এটি পবিত্র কুরআনের ভাষা। এই ভাষা হলো ইহজগত ও পরজগতের মধ্যে সংযোগকারী মাধ্যম।
চবি আরবি বিভাগের উদ্যোগে বিশ্ব আরবি ভাষা দিবস-২০২৫ উপলক্ষে গতকাল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন। চবির ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রোভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মুহাম্মদ কামাল উদ্দিন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল শাহীন খান ও আরবি বিভাগের প্রফেসর ড. আ ক ম আবদুল কাদের।
আরো বক্তব্য রাখেন জামেয়াতুর নূর আল ইসলামিয়ার পরিচালক উবায়দুল্লাহ হামজা, জামিয়া দারুল মারিফের পরিচালক মুহাম্মদ ফোরকান উল্লাহ খলীল, চাকসু ভিপি ইবরাহিম হোসেন রনি, সোবহানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হারুন উর রশীদ, হাটহাজারী মাদরাসার আরবি বিভাগের প্রধান আনোয়ার শাহ আল আজহারী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মঈন উদ্দিন আজহারী, নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ রফিক উদ্দিন সিদ্দিকী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল হালিম রিজভী, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসার অধ্যক্ষ আবু ছালেহ মুহাম্মদ ছলিম উল্লাহ।
অনুষ্ঠানে আরবি কবিতা পাঠ করেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ ও প্রফেসর ড. মুহাম্মদ সোলাইমান। সঞ্চালনা করেন আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন ফারুক। অনুষ্ঠানে আরবি বিভাগের সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আরবি বিভাগের সার্বিক উন্নয়ন কামনায় করে দোয়া করা হয়।
ধর্ম উপদেষ্টা বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কুরআন শিক্ষার উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ তৈরির লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে। আগামী জানুয়ারিতে শুরু হবে এই কার্যক্রম।
তিনি বলেন, আরবি হাজার বছরের ঐতিহ্য সমৃদ্ধ ভাষা। এ ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটা সাহিত্য, সংস্কৃতি, দর্শন ও তত্ত্বীয় জ্ঞানের ভাণ্ডার। এ ভাষার গুরুত্ব, তাৎপর্য ও প্রভাব সবিস্তারে বলার অবকাশ রাখে না। পৃথিবীর ২০টিরও বেশি দেশে প্রধান ভাষা আরবি। ৪০০ মিলিয়নের বেশি মানুষ এ ভাষায় কথা বলে। এ ভাষার উৎকর্ষ ও সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আরবদের চেয়ে অনারব অঞ্চলের মানুষের ভূমিকা কম নয়।
উপদেষ্টা আরো বলেন, আরবি বিভাগে যারা লেখাপড়া করেন তাদের জন্য সারা পৃথিবীতে বৃত্তির দরজা খোলা আছে। আরববিশ্ব, তুরস্ক এমনকি ইংল্যান্ডেও আরবিতে পড়ে এমফিল, পিএইচডি, এম এ করার সুযোগ রয়েছে।
আরবি বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আরবিতে পড়ে কেন স্ক্রিপ্ট বাংলায় লিখবেন, এটি অবশ্যই আরবিতে লিখতে হবে। আরবির শিক্ষকরা আরবিতেই থিসিস লিখবেন, বাংলায় নয়। আরবি বিভাগের শিক্ষার্থীদের উত্তরপত্র আরবি ছাড়া অন্য ভাষায় গ্রহণ না করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান উপদেষ্টা।
শিক্ষাঙ্গনে রাজনীতির নেতিবাচক প্রভাব উল্লেখ করে উপদেষ্টা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমাদের জ্ঞানচর্চার ক্ষেত্রে বাধা। শিক্ষক নেবো আমার দলের, শিক্ষক বানাব আমার কর্মীকে- এই ধারা বাদ দিতে হবে। বিশ্ববিদ্যালয়কে কোনো নির্দিষ্ট দলের রাজনৈতিক কেন্দ্রে পরিণত হতে দেয়া উচিত না। শিক্ষাঙ্গনকে দলীয়করণের মানসিকতাকে বদলানোর জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
ড. খালিদ বলেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার মানসিকতা আমাদের পিছিয়ে দিয়েছে। ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার মানসিকতা ত্যাগ করতে হবে।