সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমে সেনা নিয়ন্ত্রণ নেতার পদত্যাগ
Printed Edition
আলজাজিরা
সোমালিয়ার জাতীয় সেনা দক্ষিণ-পশ্চিম রাজ্যের সবচেয়ে বড় শহর বাইদোয়ার নিয়ন্ত্রণ নিয়েছে। এর পরপরই রাজ্যের প্রেসিডেন্ট আবদিআজিজ হাসান মোহাম্মদ লাফতাগারেন পদত্যাগ করেছেন। বাইদোয়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর, যেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী ও মানবিক সংস্থাগুলো কাজ করে। খরা, সংঘাত ও বাস্তুচ্যুতির কারণে এলাকা দীর্ঘদিন ধরে সঙ্কটে রয়েছে।
লাফতাগারেন সোমবার ফেসবুকে পোস্ট দিয়ে জানান, তিনি ৩০ মার্চ থেকে পদত্যাগ করছেন। সাত বছরের বেশি সময় তিনি ক্ষমতায় ছিলেন। কয়েক দিন আগে তিনি পুনর্নির্বাচিত হয়েছিলেন, যা কেন্দ্রীয় সরকার অবৈধ ঘোষণা করে। সোমালিয়ার সেনারা রাজধানী মোগাদিশু থেকে প্রায় ২৪৫ কিলোমিটার দূরের বাইদোয়া শহরে প্রবেশ করে পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। স্থানীয়রা জানিয়েছেন, শহর শান্ত হলেও জনশূন্য হয়ে পড়েছে। দক্ষিণ-পশ্চিম রাজ্যের অর্থমন্ত্রী আহমেদ মোহাম্মদ হুসেইনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট করা হয়েছে। মোগাদিশু সরকার এই পরিবর্তনকে স্বাগত জানিয়ে শান্তি ও ঐক্যের আহ্বান জানিয়েছে।
তথ্যমন্ত্রী দাউদ আওয়েস বলেন, জনগণ জবাবদিহিতা চাইছে। কেন্দ্রীয় সরকার স্থিতিশীলতা, জীবন ও সম্পত্তি রক্ষা এবং প্রতিশোধমূলক কোনো পদক্ষেপ না নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে নির্বাচন নিয়ে উদ্বেগ বাড়ছে।