কমনওয়েলথ গেমসে হিটেই বাদ ইমরানুর
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় অ্যাথলেটিক্সে গত মে মাসে ১০ দশমিক ৫৮ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানব হয়েছিলেন ইমরানুর রহমান। জাতীয় ও সামার অ্যাথলেটিক্স মিলে ছয়বার সেরা হওয়া এই অ্যাথলেট পারলেন না গ্লাসগোতে কোনো চমক দেখাতে। কমনওয়েলথ গেমসের ১০০ মিটার স্প্রিন্টের হিট থেকেই বাদ পড়লেন লন্ডন প্রবাসী এই বাংলাদেশী অ্যাথলেট। প্রথম রাউন্ডে ৯ নম্বর হিটে গতকাল ১০ দশমিক ৩৯ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করেন ইমরানুর। নিজের হিটে ছয়জনের মধ্যে তৃতীয় হওয়া ইমরানুর সব মিলে ৭৩ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ২৭তম।
কমনওয়েলথ গেমসের চলতি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো অ্যাথলেটই পদকের লড়াইয়ে নিজেদের নাম লেখাতে পারেননি। তবে রিংয়ে কিছুটা প্রত্যাশার আলো ছড়াচ্ছেন বক্সার রাকিব হোসেন। ইতোমধ্যে তিনি ৫৫ কেজি ওজন শ্রেণীতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছেন।
একই দিন নারীদের ১০০ মিটার স্প্রিন্টে হতাশ করেছেন দ্রুততম মানবী শিরিন আক্তারও। তিনি ১২.৪০ সেকেন্ড সময় নিয়ে নিজ হিটে সপ্তম হয়েছেন। মোট ৫৩ জন প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ৪১তম। জাতীয় পর্যায়ে বারবার শিরোপা জয়ী হলেও হিট টপকাতে ব্যর্থ হয়েছেন শিরিনও।
বক্সিং ইভেন্টে হতাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত ফেরদৌস। ৫১ কেজি ওজন শ্রেণীতে শেষ ষোলোর লড়াইয়ে তিনি আয়ারল্যান্ডের বক্সার ফ্রায়ার্সের কাছে হেরেছেন ৫-০ পয়েন্টে। সাঁতারেও অনুমিতভাবে হিট থেকে ঝরে গেছেন কাজল মিয়া ও সামিউল ইসলাম রাফি। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১২ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে ১৯ প্রতিযোগীর মধ্যে ১৬তম হয়েছেন কাজল। ১০০ মিটার ফ্রিস্টাইলে রাফির টাইমিং ৫২ দশমিক ৪৯ সেকেন্ড। ৬৭ জনের মধ্যে ৪০তম হয়ে বিদায় নিয়েছেন তিনি।
স্কটল্যান্ডের গ্লাসগোর স্কটসটাউন স্টেডিয়ামে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে নিজের হিটে ছয়জনের মধ্যে তৃতীয় হয়েছেন ইমরানুর। হিটের শুরুতে কিছুটা সময় সবার চেয়ে এগিয়েই ছিলেন ইমরানুর। তবে দৌড় শেষ করতে সময় লেগেছে ১০.৩৯ সেকেন্ড। হ্নঅথচ তার ক্যারিয়ারসেরা সময় ছিল ১০.১১ সেকেন্ড, যা তিনি ২০২৩ সালে লন্ডনে অনুষ্ঠিত নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে গড়েছিলেন।
হ্নহ্নবাংলাদেশের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসের দিকে তাকালে এখন পর্যন্ত ইমরানুরের সবচেয়ে বড় সাফল্য ২০২৩ এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে। যেখানে ৬০ মিটার স্প্রিন্টে অসাধারণ পারফর্ম করে তিনি দেশের জন্য স্বর্ণ জিতেছিলেন।
১০০ মিটার স্প্রিন্টে প্রথম ১৭ জন অ্যাথলেট সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন। ১০.২৪ সেকেন্ড সময় নিয়েছেন ১৬তম ও ১৭তম হওয়া অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিং ও বার্বাডোজের কুরন গ্রিফিথ।