আর্জেন্টিনা কোচকে ‘মিথ্যাবাদী’ বললেন ওলমো
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসরের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০তে হারিয়ে ১৬ বছর পর ট্রফি পুনরুদ্ধার করেছে স্পেন। ফাইনালের শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। মাঠের সেই উত্তপ্ত ঘটনার রেশ এখনো কাটেনি। সেই বিশৃঙ্খলার মধ্যেই দেখা যায়, আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা জোরপূর্বক দানি ওলমোর গলার কাছে হাত দিয়ে ধাক্কা দেন। ঘটনাটি দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিতর্কিত এই ঘটনার পর গত বুধবার আর্জেন্টিনার সহকারী কোচ আয়ালা ক্ষমা চাইলেও সেটিকে প্রত্যাখ্যান করেছেন দানি ওলমো।
বিশ্বকাপের ফাইনাল শেষে অনাকাক্সিক্ষত ঘটনার পর গত বুধবার ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওকে দেয়া সাক্ষাৎকারে আয়ালা বলেন, ‘অবশ্যই আমি দুঃখিত। এটা আসলে ঘুষি ছিল না, শুধু একটা ধাক্কা ছিল। বিষয়টিকে যেভাবে তুলে ধরা হচ্ছে, তা ঠিক নয়।’
তিনি দাবি করেন, ‘সে আমাকে কিছু বলেছিল, আর সেটার প্রতিক্রিয়ায় এমনটা হয়েছে। তবে যদি তার সাথে দেখা হয়, আমি অবশ্যই ব্যক্তিগতভাবে ক্ষমা চাইব।’
আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার ক্ষমা প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন স্পেনের মিডফিল্ডার দানি ওলমো।
কাতালান সংবাদপত্র দিয়ারি দে তেরাসাকে দেয়া সাক্ষাৎকারে আয়ালার বক্তব্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন ওলমো। তিনি বলেন, ‘যে ব্যক্তি ক্ষমা চেয়ে আবার বলে যে এটি আমার কথার প্রতিক্রিয়া ছিল, সে আসলে আন্তরিকভাবে দুঃখিত নয়। কারণ সে মিথ্যা বলছে। আমি তাকে কিছুই বলিনি, তাই তার এমন ব্যাখ্যা দেয়ারও প্রয়োজন নেই।’
ওলমোর মতে, ফুটবলাররা শুধু খেলোয়াড় নন, নতুন প্রজন্মের জন্যও আদর্শ। ‘আমার সন্তান, পরিবার এবং সমর্থকেরা যখন ম্যাচটি দেখবে, তখন আমি চাই তারা আমাদের লড়াই, জয়ের পাশাপাশি আমাদের আচরণ নিয়েও গর্ব করুক। ফুটবলের গুরুত্ব এতটাই বেশি যে আমরা শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ। তাই আমাদের দায়িত্বও অনেক বড়’।
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ স্পেনের ফুটবলারদের সাথে শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন। বিশেষ করে লিসান্দ্রো পারেদেসের আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। ঘটনার পর পুরো বিষয়টি তদন্তে নেমেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে ফাইনাল-পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গ তদন্ত শুরু করেছে।