বাংলাদেশের জার্সিতে খেলবেন ফুলহ্যামের ফারহান
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ হচ্ছেন আরো দুই প্রবাসী। প্রথমজন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। তাকে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতেই জাতীয় দলে দেখতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড জায়ান হাকিমকেও লাল-সবুজের জার্সিতে আনার প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
মাত্র ১৯ বছর বয়সেই ফুলহ্যামের যুব দলে ধারাবাহিক পারফরম্যান্স করে আলোচনায় আসেন ফারহান। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সম্প্রতি কোচ আলভারো আরবেলোয়ার অধীনে সিনিয়র দলের প্রাক-মৌসুম প্রস্তুতিতে সুযোগ পান তিনি। এরপর নরউইচ সিটির বিপক্ষে প্রীতিম্যাচে ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে অভিষেকও হয়ে গেছে তার। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার স্বপ্নের পাশাপাশি এখন বাংলাদেশের জার্সি গায়েও মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে তার।
বাফুফে সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমে জানিয়েছেন, ‘সেপ্টেম্বর উইন্ডোতে ফারহান, জায়ান হাকিমদের আমরা আনার চেষ্টা করছি। আশা করি ওরা আসবে। এর বাইরে আরো কয়েকজনের সাথে কথাবার্তা চলছে। ফারহানের জন্ম নিবন্ধন হয়ে গেছে। পাসপোর্টের জন্য এই সপ্তাহেই তার অ্যাপয়েন্টমেন্ট নেয়া হচ্ছে। ইনশাআল্লাহ সেটাও হয়ে যাবে।’
আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শক্তিশালী দল গঠনের পরিকল্পনা নিয়েছে বাফুফে। তারই অংশ হিসেবে সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে দেশের মাটিতে তিন বা চার জাতির একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। টুর্নামেন্টের চূড়ান্ত রূপ এখনো নির্ধারণ না হলেও ওই সময়েই ফারহান ও জায়ানের জাতীয় দলে অভিষেক করানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে বাফুফে।