আইআইইউসির সেমিনারে ড. আলী আজাদী
সঠিক জাকাত বণ্টনে সমাজ থেকে ভিক্ষাবৃত্তি নির্মূল সম্ভব
Printed Edition
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, ইসলামের নির্দেশিত জাকাত ব্যবস্থার সঠিক বণ্টন নিশ্চিত করা গেলে সমাজ থেকে ভিক্ষাবৃত্তি অনেকাংশে কমিয়ে একসময় সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। যারা সম্পূর্ণ সুস্থ ও কর্মক্ষম হওয়া সত্ত্বেও ভিক্ষাবৃত্তিকে স্থায়ী পেশা হিসেবে গ্রহণ করে, তাদেরও জবাবদিহিতার আওতায় আনা উচিত। তবে প্রকৃত অভাবগ্রস্ত, চরম দুর্দশাগ্রস্ত কিংবা আকস্মিক দুর্ঘটনায় অঙ্গহানি হওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সোমবার আইআইইউসির সেমিনার হলে সাইন্স অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ আয়োজিত ‘ইসলামে ভিক্ষাবৃত্তি : অনুমোদন, সীমা ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন শরিয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. মো: রশিদ জাহেদ। সভাপতিত্ব করেন সাইন্স অব হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ আবুল কালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সলিম উদ্দিন। প্রবন্ধের ওপর আলোচনা করেন শরিয়াহ অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো: নাজমুল হক নদভী এবং ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: শরিফুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার শাইখুল আজম আবরার। বিজ্ঞপ্তি।