ইসির তফসিল ঘোষণা
৯ এপ্রিল শেরপুর ও বগুড়া আসনে নির্বাচন
Printed Edition
বিশেষ সংবাদদাতা
আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন ও বগুড়া-৬ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের অনুমোদনের পর ইসি সচিব আখতার আহমেদ গতকাল সাংবাদিকদের এ দুই আসনের নির্বাচনী সময়সূচি জানান। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হওয়ায় শেরপুর-৩ আসনে আর গণভোটের প্রয়োজন হচ্ছে না।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ২ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৫ মার্চ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ।
ইসি জানায়, বিকেলে দু’টি আসনে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করবে কমিশন। যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। শেরপুর-৩ আসনে পুনঃতফসিল এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হবে। এ দুই আসনের প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি কর্মকর্তা ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে যেন ভোট দেয়ার সুযোগ পায় সেটিও বিবেচনা করা হচ্ছে। আবদুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়টি আজই আমাদের সচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তিনিই কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারা দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনের আগমুহূর্তে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হলে সেখানে পুনরায় নতুন তফসিল ঘোষণা করতে হয়।
অন্য দিকে সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ থেকে জয়লাভ করেন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।
নিয়ম অনুযায়ী, স্পিকার আসনটি শূন্য ঘোষণা করার পর ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে।