চ্যাপা শুঁটকি তৈরিতে পুঁটি মাছ ক্রয়ে ব্যস্ত ব্যবসায়ীরা
Printed Edition
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
হাওরাঞ্চলে এখন পুঁটি মাছের মৌসুম। চ্যাপা শুঁটকি তৈরির জন্য মোহনগঞ্জের শুঁটকি ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন। মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রসহ আশপাশের বিভিন্ন বিল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ পুঁটি মাছ কেনা হচ্ছে। পরে সেগুলো রোদে শুকিয়ে তৈরি করা হচ্ছে শুঁটকি।
বুধবার মোহনগঞ্জ শুঁটকি বাজার ও আড়ৎ ঘুরে দেখা যায়, সকাল থেকেই মাছ কিনতে ভিড় করছেন ব্যবসায়ীরা। আড়তদারদের কাছ থেকে বাছাই করে পুঁটি মাছ সংগ্রহ করছেন তারা। স্থানীয় ব্যবসায়ী মুস্তাক মিয়া জানান, অবতরণ কেন্দ্রে জেলেদের কাছ থেকে আসা পুঁটি মাছ আড়তদারদের মাধ্যমে কেনা হয়। এরপর খোলা রোদে শুকিয়ে প্রাথমিক শুঁটকি তৈরি করা হয়। সেই শুঁটকি বাজারে বিক্রির পাশাপাশি একটি অংশ মাটির মটকায় সংরক্ষণ করা হয়। প্রায় ছয় মাস মটকায় থাকার পর তা চ্যাপা শুঁটকিতে পরিণত হয়। পরে তা বাজারজাত করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে।
তিনি জানান, যাত্রাবাড়ী, রামপুরা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকার পাইকাররা মোহনগঞ্জ থেকে চ্যাপা শুঁটকি কিনে নিয়ে যান। স্থানীয়ভাবেও এর চাহিদা রয়েছে। আরেক ব্যবসায়ী মমিন বলেন, ভালো মানের পুঁটি মাছ ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে কেনা হচ্ছে। চ্যাপা শুঁটকি প্রস্তুত হলে তা এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়।
হাওরাঞ্চলের পুঁটি মাছের চ্যাপা শুঁটকি স্বাদ ও ঘ্রাণের কারণে দেশের বিভিন্ন এলাকায় জনপ্রিয় খাবার হিসেবে পরিচিত। মৌসুম ঘিরে তাই ব্যবসায়ীদের মধ্যে চলছে বাড়তি ব্যস্ততা।