এপস্টাইন ফাইল ইস্যুতে কংগ্রেসে বিল ক্লিনটনের সাক্ষ্যদান
Printed Edition
বিবিসি
মৃত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সাথে সংশ্লিষ্টতা এবং বিতর্কিত কিছু ছবি নিয়ে অবশেষে মার্কিন কংগ্রেসের প্যানেলের সামনে মুখ খুলেছেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। নিউ ইয়র্কে রুদ্ধদ্বার কক্ষে দিনব্যাপী চলা এই শুনানিতে ক্লিনটন জোর দিয়ে বলেছেন, এপস্টাইনের অপরাধ সম্পর্কে তিনি ‘কিছুই জানতেন না’ এবং তিনি নিজে ‘কোনো অন্যায় করেননি’।
সম্প্রতি প্রকাশিত এপস্টাইন-সংক্রান্ত ফাইলগুলোতে ক্লিনটনের নাম আসায় এবং একটি হট টাবে এক অজ্ঞাত নারীর সাথে তার ছবি প্রকাশিত হওয়ার পর হাউস ওভারসাইট কমিটি তাকে তলব করে। ক্লিনটনের এই সাক্ষ্যদানের ঠিক এক দিন আগে তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও একই কমিটির কাছে তার নির্দোষিতার দাবি জানিয়েছিলেন।
হট টাব রহস্য ও ক্লিনটনের জবানবন্দী
শুনানির অন্যতম কেন্দ্রবিন্দু ছিল একটি ছবি, যেখানে বিল ক্লিনটনকে একটি হট টাবের মধ্যে জনৈক নারীর পাশে শুয়ে থাকতে দেখা যায়। ওই নারীর পরিচয় গোপনের স্বার্থে ছবিতে তার মুখ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল।
বিবিসির সূত্রমতে, আইনপ্রণেতারা যখন ক্লিনটনকে ওই নারী সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি সরাসরি জানান যে তিনি তাকে চেনেন না। এমনকি ওই নারীর সাথে তার কোনো যৌন সম্পর্ক ছিল কি না- এমন প্রশ্নের জবাবেও ক্লিনটন নেতিবাচক উত্তর দেন। ক্লিনটন বলেন, ‘এপস্টাইন কী করছেন সে সম্পর্কে সামান্যতম ধারণা থাকলেও আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করতাম এবং কখনো তার বিমানে উঠতাম না; বরং আমি নিজেই তাকে ধরিয়ে দিতাম।’