বগুড়ায় বসছে ২০তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের আসর

Printed Edition
Nagar-2
চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর

দক্ষিণ এশিয়ার সঙ্গীত জগতের অন্যতম বৃহৎ সম্মাননা ‘টিএমএসএস-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এর ২০তম আসর এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়ায়। আগামী ৭ এপ্রিল বগুড়ার পাঁচ তারকা হোটেল ও রিসোর্ট ‘মমো ইন’-এর উন্মুক্ত প্রাঙ্গণে এই বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হবে।

বৃহস্পতিবার দুপুরে চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম এবং বরেণ্য সঙ্গীতশিল্পী খুরশীদ আলম ও রফিকুল আলমসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংবাদ সম্মেলনে ফরিদুর রেজা সাগর বলেন, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস সবসময় যোগ্যতার ভিত্তিতে প্রদান করা হয়। এই স্বীকৃতি যেমন নবীনদের প্রেরণা জোগায়, তেমনি প্রবীণদের কাজের মূল্যায়ন নিশ্চিত করে।’ গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ টিএমএসএস ও চ্যানেল আই-এর সামাজিক দায়বদ্ধতার অভিন্ন লক্ষ্যের কথা উল্লেখ করেন। টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ড. হোসনে আরা বেগম এই বৃহৎ আয়োজনের সাথে যুক্ত থাকতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

সুস্থ সঙ্গীতের উৎকর্ষ সাধনের লক্ষ্যে ২০০৪ সাল থেকে শুরু হওয়া এই আয়োজনে এবার আজীবন সম্মাননাসহ মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলো হলো- আধুনিক গান (শিল্পী, সুরকার ও গীতিকার), শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ লোক সঙ্গীত, শ্রেষ্ঠ নজরুল ও রবীন্দ্র সঙ্গীত, ছায়াছবির গান, মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ নবাগত শিল্পী এবং অনলাইন ভিউ ভিত্তিক বিশেষ পুরস্কার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্পের পরিচালক রাজু আলীম। এ ছাড়া বক্তব্য রাখেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, টিএমএসএস-এর এডিশনাল ডিরেক্টর জোসেফ এল গোমেজ ও চিফ ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। দেশের সুস্থ ধারার সঙ্গীতকে বিশ্বদরবারে তুলে ধরতে এই আয়োজন এক অনন্য ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।