ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফল পরিবর্তনের অভিযোগ
সংসদে জনগণের অধিকার আদায় করে ছাড়ব : বিরোধী দলীয় নেতা
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ বিশেষ করে যুবসমাজ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। আগামী নির্বাচনে প্রতিটি ঘাটে শক্ত পাহারা দেবো। জীবনের বিনিময়ে হলেও মানুষের ভোটের অধিকার রক্ষায় দাঁড়িয়ে যাবো।
তিনি আরো বলেন, আমরা সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলব এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ব। ঢাকা-১৫ আসনকে একটা মডেল আসন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
গতকাল জামায়াতে ইসলামী কাফরুল উত্তর ও দক্ষিণ থানার উদ্যোগে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় (ব্রাঞ্চ-২, ইব্রাহিমপুর) প্রাঙ্গণে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডা: শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ বিগত ৫৪ বছরে অনেক আদর্শ দেখেছে কিন্তু ইসলামী আদর্শের শাসন দেখার সৌভাগ্য এখনো হয়নি। সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে সারা দেশে চাঁদাবাজি বন্ধ করেন, তা না হলে দেশের মানুষকে সাথে নিয়ে দেশব্যাপী শক্ত প্রতিরোধ গড়ে তুলব।
ডা: শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ট্যাক্সমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করা ও প্রবাসীদের লাশ সম্মানের সাথে দেশে আনার প্রতিশ্রুতিকে অনুসরণ করার জন্য সরকারি দলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন কাফরুল দক্ষিণ ও উত্তর থানার সেক্রেটারি আবু নাহিদ ও মো: আশিকুর রহমান।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং একটি অর্থপূর্ণ বিরোধী দল হিসেবে সংসদে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, মহানগরী কর্মপরিষদ সদস্য মো: শহীদুল্লাহ, কাফরুল দক্ষিণ থানার আমির উপাধ্যক্ষ মু. আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানার আমির মো: রেজাউল করিম প্রমুখ।