শাকসু নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ১৯১ জন

শিবিরের প্যানেল ঘোষণা

Printed Edition

শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনে প্রার্থী হতে ১৯১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১০৬টি এবং ছয়টি আবাসিক হল সংসদে ৮৫টি মনোনয়নপত্র জমা পড়েছে।

গত শনিবার রাত সোয়া ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র নজরুল ইসলাম। তিনি জানান, শাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মোট ২৫১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কেন্দ্রীয় সংসদে ফরম নিয়েছিলেন ১৪৫ জন, জমা দিয়েছেন ১০৬ জন। হল সংসদের জন্য ১০৬ জন ফরম নিলেও জমা পড়েছে ৮৫টি।

শিবিরের প্যানেল ঘোষণা : শাকসু নির্বাচনে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শাবিপ্রবি শাখা। প্যানেলের নাম ‘ দুর্বার সাস্টিয়ান ঐক্য’।

রোববার কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। প্যানেল অনুযায়ী সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির, সাধারণ সম্পাদক (জিএস) পদে শাবিপ্রবি শিবিরের অফিস সম্পাদক মজাহিদুল ইসলাম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শাখা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মোহাম্মদ শাকিল।

এ ছাড়া অন্যান্য পদে রয়েছেন ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান অনু, সহ-ক্রীড়া সম্পাদক আহমেদ বিন কেফায়েত, সাহিত্য ও বার্ষিকী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, ধর্ম ও সম্প্রতি বিষয়ক সম্পাদক আসিফ ভূইয়া, সমাজসেবা সম্পাদক আজাদ শিকদার, ছাত্রীবিষয়ক সম্পাদক আমিনা বেগম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আলী আব্বাস শাহীন, শিক্ষা গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক শামছুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু। পরিবহন সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বোরহান উদ্দিন।

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন, সুমাইয়া নাভা, আদিবা সালেহা, শুয়াইব চৌধুরী, মোস্তাফিজুর রহমান ও জামিলুর রেজা সৈকত।