ইসলামপুরে ভিজিএফ কার্ডের বরাদ্দ বহাল স্বস্তিতে ৪৬ হাজার পরিবার

Printed Edition

জামালপুর প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের বরাদ্দ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কেটেছে। গত বছরের তুলনায় এ বছর বরাদ্দ চার ভাগের এক ভাগে নেমে আসায় বিপাকে পড়েছিল নদীভাঙন ও বন্যাকবলিত হাজারো মানুষ। বিষয়টি নিয়ে ২৫ ফেব্রুয়ারি দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আগের বরাদ্দ বহাল রাখার সিদ্ধান্ত নেয়। ইসলামপুর উপজেলা পিআইও নূর-ই শিফা বরাদ্দ বহালের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, গত বছর ঈদুল আজহায় এই উপজেলায় ৪৬ হাজার ৬১০টি পরিবারের জন্য ৪৬৬ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল। কিন্তু আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত ২২ ফেব্রুয়ারি মাত্র ১৩ হাজার ৮৩৪টি পরিবারের জন্য ১৩৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। এতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় পড়েছিল ৩২ হাজার ২২৭টি অতিদরিদ্র পরিবার।

বরাদ্দ কমার সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর। তিনি গত বছরের তালিকা ও বর্তমান পরিস্থিতির প্রয়োজনীয় নথিপত্র নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এর পরিপ্রেক্ষিতে ৩ মার্চ মন্ত্রণালয় আগের ৪৬ হাজার ৬১০টি কার্ডের বরাদ্দই বহাল রেখে নতুন পত্র ইস্যু করে।