ভাওয়াল গেটে ময়লা ফেলল কে? রহস্যে দোষারোপের ঝড়
Printed Edition
গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান ঘিরে চলমান বিরোধে নতুন করে উত্তাপ ছড়িয়েছে প্রধান ফটকের সামনে হঠাৎ ফেলে রাখা ময়লার স্তূপকে কেন্দ্র করে। এ নিয়ে বন বিভাগ ও গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মধ্যে দোষারোপের পাল্টাপাল্টি বক্তব্য সামনে এসেছে। সিটি করপোরেশন সরাসরি বন বিভাগের বিরুদ্ধে ‘পরিকল্পিত অপপ্রচার’-এর অভিযোগ তুলেছে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, উদ্যানের প্রধান ফটকের সামনে সড়কের পাশে বর্জ্যরে স্তূপ পড়ে আছে, যা পরিবেশ ও দর্শনার্থীদের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে। স্থানীয়দের দাবি, ভোরের দিকে অজ্ঞাত ব্যক্তিরা ময়লাগুলো সেখানে ফেলে রেখে যায়।
গাসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক বলেন, আমরা দীর্ঘদিন ধরে বনের আশপাশে ও সড়কের পাশে ময়লা না ফেলার জন্য বিভিন্ন স্থানে সাইনবোর্ড দিয়েছি। তাহলে আমরা কেন নিজেরাই মহাসড়কের পাশে, তাও আবার জাতীয় উদ্যানের গেটের সামনে ময়লা ফেলব? এটি আমাদের বিরুদ্ধে অপপ্রচারের অংশ বলেই মনে হচ্ছে।
সুদীপ বসাক জানান, খবর পাওয়ার সাথে সাথেই সিটি করপোরেশন ডাম্পট্রাক ও এক্সকাভেটর পাঠিয়ে ভাওয়াল সেখানে জমে থাকা ময়লা অপসারণ করে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়েছে।
অপর দিকে বন বিভাগের সংশ্লিষ্ট বিট কর্মকর্তা তুহিন বলেন, ‘ভোরে কে বা কারা ময়লা ফেলেছে, আমরা দেখিনি। তবে সিটি করপোরেশনের অভিযোগ সঠিক নয়। আমরা তো বাসাবাড়ির ময়লা সংগ্রহ করি না, তাহলে এই ময়লা আমাদের কোথা থেকে আসবে?’
এর আগে, ভাওয়াল জাতীয় উদ্যানের সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বন বিভাগ ও সিটি করপোরেশনের মধ্যে মতবিরোধ দেখা দেয়।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ময়লার ঘটনা মূল বিরোধকে আরো ঘনীভূত করেছে এবং একে অপরকে বেকায়দায় ফেলতে উভয়পক্ষের অবস্থান আরো কঠোর হয়ে উঠছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল দৈনিক নয়া দিগন্তে ‘সংরক্ষিত বনভূমি নাকি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, ভাওয়াল নিয়ে দু’পক্ষ মুখোমুখি’ শীর্ষক সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। এর পরপরই নড়েচড়ে বসে গাজীপুর সিটি করপোরেশন ও বন বিভাগ।