জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণমিছিলের পূর্ব সমাবেশে সরকারদলীয় নেতাকর্মীদের হামলার প্রতিবাদে শরীয়তপুরে সংবাদ সম্মেলন করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কে এম মকবুল হোসাইন।

তিনি অভিযোগ করেন বলেন, ‘গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাজিরা উপজেলায় ১১ দলীয় ঐক্যের গণমিছিলের পূর্ব সমাবেশ চলাকালে সরকার দলীয় নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে।‘

এ ঘটনায় নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয় সাংবাদিকসহ কয়েকজন আহত হন বলেও তিনি দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

একই সাথে ভবিষ্যতে বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা খলিলুর রহমান জেলা খেলাফত মজলিসের সভাপতি সাব্বির আহমেদ উসমানী, সেক্রেটারি হাফেজ মো: দবির হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো: শহিদুল ইসলাম, পৌর সভা জামায়াতের আমির আ: জব্বার মীর, জেলা কর্ম পরিষদের সদস্য মো: দেলোয়ার হোসেনসহ ১১ দলীয় ঐক্য জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।