আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ১৮তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ১৮তম কাউন্সিল অব দ্য কলেজ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার ঢাকা সেনানিবাসের আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সভায় সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, সামরিক চিকিৎসা সার্ভিসের (ডিজিএমএস) মহাপরিচালক মেজর জেনারেল কাজী মো: রশীদ-উন-নবী, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো: হাকিমুজ্জামান, আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: মাসুদুল আলম মজুমদার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্রে (বিইউপি) উপাচার্য মেজর জেনারেল মো: মাহবুব-উল আলম, ছাড়াও প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কাউন্সিলের সদস্যবৃন্দ এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, সভায় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের বাজেট, ভর্তি প্রক্রিয়া, পেশাগত পরীক্ষার ফলাফল অবহিতকরণ, ফুল ফ্রি এমবিবিএস স্কলারশিপের মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের (সিএআর) চারজন বিদেশী ক্যাডেটের ভর্তি ও শিক্ষাকার্যক্রম অবহিতকরণ এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ফিলিস্তিনের দু’জন শিক্ষার্থীর ভর্তি অনুমোদন, অত্র কলেজ হতে পাসকৃত ইন্টার্নি চিকিৎসকগণকে সিএমএইচ ঢাকায় চিকিৎসাসুবিধা প্রদানে সভায় সিদ্ধান্ত হয়। কলেজের সার্বিক মানোন্নয়নে সেনাবাহিনী প্রধান গতকাল এএফএমসি একাডেমিক ভবনের সম্প্রসারণ, ছাত্রীনিবাসের সম্প্রসারণ, মসজিদ কমপ্লেক্স, দর্শক গ্যালারি ও মাল্টিপারপাস হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
আইএসপিআর আরো জানায়, ১৯৯৭ সালে আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউটের স্থাপনায় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ চালু করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিক্যাল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তির মাধ্যমে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের যাত্রা শুরু হয়। বর্তমানে এই কলেজে ছয়টি শিক্ষাবর্ষে (ইন্টার্নসহ) মোট ৭৬০ জন ক্যাডেট অধ্যয়নরত। এ পর্যন্ত ২২টি ব্যাচে ১০০ জন বিদেশী ডাক্তারসহ মোট ১৯০৮ জন চিকিৎসক হয়েছেন যার মধ্যে ৫৪৭ জন বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসঙ্ঘ শান্তিরক্ষা মিশনসহ দেশে-বিদেশে কর্মরত আছেন।
আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজে শিক্ষার মান সর্বদাই উন্নত যা বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষায় প্রতিফলিত হচ্ছে। জন্মলগ্ন হতে এএফএমসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকলেও বর্তমানে সশস্ত্রবাহিনী কর্তৃক পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। বিভিন্ন পেশাগত এমবিবিএস পরীক্ষার ফলাফলে অত্র কলেজের পাসের হার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম।
আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ দেশের একমাত্র বাধ্যতামূলক আবাসিক সরকারি চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান। তাই হরতাল, ধর্মঘট বা অবরোধের মতো পরিস্থিতি শিক্ষাকার্যক্রমে কোনো প্রভাব ফেলতে পারে না। অত্র কলেজ ২০০৫ সাল থেকে জেএফএমসি শিরোনামে একটি মানসম্মত মেডিক্যাল জার্নাল ষাণ¥াসিক ভিত্তিতে নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে যা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার (আইএসএসএন) ডাইরেক্টরি ফর অনলাইন এক্সেস অব জার্নাল (ডিওএজে), ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সায়েন্টিফিক পাবলিকেশনস (আইএনএএসপি), জে হেলথ ইন্টার নেটওয়ার্ক এক্সেস অব রিসার্চ ইনিশিয়েটিভ (এইচআইএন অ্যান্ড আরআই) কর্তৃক নিবন্ধিত এবং বাংলাদেশ মেডিক্যাল আন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমঅ্যান্ডডিসি) কর্তৃক অনুমোদিত, যা দেশ বিদেশের চিকিৎসকদের দৃষ্টি আকর্ষণ করেছে।