ঢাকা-৮ আসন কমিটির জরুরি সভা

একটি দল নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে : নূরুল ইসলাম বুলবুল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেছেন, একটি দল সঙ্ঘবদ্ধভাবে নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে। কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রে নির্বাচনের রোডম্যাপ পরিবর্তন করা যাবে না। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণ সজাগ ও সতর্ক রয়েছে। প্রশাসনে দলীয়করণ বন্ধ এবং লেভেল প্লেয়িংফিল্ড নিশ্চিতকরণসহ গণমানুষের পাঁচ দফা দাবি মেনে নিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ঘোষিত রোডম্যাপে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

গতকাল ঢাকা-৮ আসনে নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মহানগরী দক্ষিণ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আসন কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খানের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আবদুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান, মুহাম্মদ শরিফুল ইসলামসহ ঢাকা-৮ সংসদীয় এলাকার সাংগঠনিক সব থানা আমির, নায়েবে আমির, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।