মশা নিয়ন্ত্রণে সামরিক ড্রোন মোতায়েন

শ্রীলঙ্কায় ডেঙ্গুর প্রাদুর্ভাবে মৃত্যু ৫৬

Printed Edition

ইনডিপেনডেন্ট

শ্রীলঙ্কায় প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে মারাত্মক ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। মহামারি পরিস্থিতি সামাল দিতে ও মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে দেশটির সরকার সামরিক ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশটিতে ৭৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন অন্তত ৫৬ জন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, রাজধানী কলম্বোয় সংক্রমণের মাত্রা সবচেয়ে বেশি। জাতীয় ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিট ইতোমধ্যে ১৬২টি অঞ্চলকে চরম ঝুঁকি এলাকা হিসেবে চিহ্নিত করেছে। সঙ্কট নিয়ন্ত্রণে রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকে সামরিক বাহিনীর সমন্বয়ে একটি পর্যবেক্ষণ দল গঠন করেছেন। বর্ষার মৌসুমে বহুতল ভবনের ছাদে জমে থাকা পানি শনাক্ত করতে বিমানবাহিনীর ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও নির্মাণাধীন স্থাপনায় মশার লার্ভা ধ্বংসে তল্লাশি চালাতে পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু ভাইরাসের অতিসংক্রামক ‘ডিইএনভি-২’ ধরনটি ছড়িয়ে পড়ায় সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। মোট আক্রান্তের প্রায় ৭৫ শতাংশই এই ধরনে সংক্রমিত।