সম্পর্ক জোরদারে ঝুঁকছে সিরিয়া-কুয়েত
Printed Edition
আনাদোলু
দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে একটি যৌথ উচ্চ পর্যায়ের সমন্বয় কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছে সিরিয়া ও কুয়েত। কুয়েত সিটিতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে পারস্পরিক সম্পর্ক জোরদারে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন তারা।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহ নিজেদের নেতৃত্বে এই কমিটি গঠনে সম্মতি দিয়েছেন। এ ছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক তদারকি করতে বিদ্যমান যৌথ কমিটিগুলোকে পুনরায় সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।
আসাদ আল-শাইবানির সরকারি সফরকালে আয়োজিত এই বৈঠকে মূলত কূটনৈতিক সমন্বয় বৃদ্ধি এবং রাষ্ট্রদূত বিনিময়ের ওপর জোর দেয়া হয়। পাশাপাশি একটি সিরীয়-কুয়েতি ব্যবসায়িক কাউন্সিল গঠন এবং দুই দেশের চেম্বার অব কমার্সের মধ্যে সমন্বয় বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিক ও বিনিয়োগ খাতে সহযোগিতা শক্তিশালী করার বিষয়েও আলোচনা করেন দুই মন্ত্রী।