ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫,২৭৮

Printed Edition

দ্য ইকোনোমিক টাইম

ভেনিজুয়েলায় গত মাসে আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে পাঁচ হাজার ২৭৮ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় সংসদের সভাপতি হোর্হে রদ্রিগেজের বরাতে প্রকাশিত সর্বশেষ সরকারি রিপোর্টে প্রাণহানির এই নতুন তথ্য নিশ্চিত করা হয়।

গত ২৪ জুন ভূখণ্ডটিতে রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দু’টি শক্তিশালী ভূমিকম্প পরপর আঘাত হানে, যার প্রভাবে উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা ও রাজধানী কারাকাসের কাছে অবস্থিত লা গুয়াইরা রাজ্য সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়। রদ্রিগেজের তথ্য অনুযায়ী, এই দুর্যোগে আহত ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ৭৪০ জনেই অপরিবর্তিত রয়েছে। সরকারি হিসেবে ৮৫০টিরও বেশি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯০টি ভবন পুরোপুরি ভেঙে পড়েছে। তবে এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। দুর্যোগে গৃহহীন হওয়া ২৩ হাজার ৫০০-এর বেশি মানুষ স্টেডিয়াম ও গণচত্বরসহ বিভিন্ন স্থানে খোলা ১০৭টি অস্থায়ী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, যেখানে স্বেচ্ছাসেবকদের সাহায্যে তাদের জরুরি মানবিক ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।