আবুধাবির গ্যাস প্রকল্পে ৬২০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা
Printed Edition
এএফপি
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সরকারি তেল উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান ‘এডিএনওসি’ আবুধাবির প্রাকৃতিক গ্যাস উৎপাদন বাড়াতে ৬২০ কোটি (৬.২ বিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় এই সংস্থাটির পক্ষ থেকে বিশালাকার এই বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে, আন্তর্জাতিক জ্বালানি খাতের অংশীদার ফ্রান্সের ‘টোটালএনার্জিস’, ইতালির ‘এনি’ ও ‘চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন’-এর সাথে যৌথভাবে সমুদ্র উপকূলবর্তী ‘উম্ম শাইফ’ গ্যাস ক্যাপ ক্ষেত্র থেকে জ্বালানি আহরণে এই অর্থ ব্যয় করা হবে। প্রকল্পটির কাজ সম্পন্ন হলে ২০৩০ সাল থেকে এখানে প্রতিদিন ৬০ কোটি (৬০০ মিলিয়ন) স্ট্যান্ডার্ড ঘনফুটের বেশি প্রাকৃতিক গ্যাস এবং আনুষঙ্গিক তরল জ্বালানি আহরণ সম্ভব হবে।