ভবিষ্যতে আর নির্বাচন না দেয়ার ঘোষণা নিকারাগুয়ার ওর্তেগার

Printed Edition

দ্য গার্ডিয়ান

নিকারাগুয়ায় ভবিষ্যতে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগা। বিরোধীদের ক্ষমতায় আসার সুযোগ বন্ধ করতেই ৮০ বছর বয়সী এই নেতা এমন সিদ্ধান্তের কথা ব্যক্ত করেছেন। সেই সাথে বিরোধী পক্ষকে প্রতিহত করতে নতুন আইন প্রণয়নের প্রস্তুতির কথাও ঘোষণা করেন তিনি।

গত রোববার ১৯৭৯ সালের সান্দিনিস্ত বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার সরকারি কর্মচারীর উদ্দেশে ভাষণ দেন ওর্তেগা। ঐতিহাসিক ওই বিপ্লবে তৎকালীন আনাস্তাসিও সোমোসার স্বৈরশাসনের পতনে ওর্তেগার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সমাবেশে বক্তব্যকালে তিনি স্পষ্ট করে বলেন, বিরোধীরা যাতে কখনোই ক্ষমতার নিয়ন্ত্রণ নিতে না পারে, সে জন্য দেশে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। ‘অভ্যুত্থানকারী’ ও ‘রাষ্ট্রদ্রোহী’ হিসেবে আখ্যা দেয়া বিরোধীদের রুখতে জাতীয় সংসদ ও অন্যান্য প্রাসঙ্গিক প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রতিরক্ষাব্যূহ তৈরির মতো নতুন আইন তৈরির প্রত্যয় ব্যক্ত করেন তিনি।