ভোলায় জামায়াত নেতার বাড়ির সামনে অস্ত্র রেখে ফাঁসানোর চেষ্টা

Printed Edition

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির নুরুল করিমের বাড়ির সামনে বস্তাভর্তি অস্ত্র রেখে তাকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

গতকাল দুপুরে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভোলা-২ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রধান এজেন্ট এ এইচ এম ওয়ালী উল্লাহ।

এ সময় তিনি অভিযোগ করেন, ‘সোমবার রাত ১১টা থেকে ১২টার মধ্যে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল করিমের বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুই দফায় অভিযান পরিচালনা করেন। তারা পুরো বাসা তল্লাশি করলেও কোনো ধরনের অবৈধ বা সন্দেহজনক বস্তু খুঁজে পায়নি। কিন্তু রহস্যজনকভাবে মঙ্গলবার সকালে নুরুলের বৃদ্ধা মা ঘুম থেকে উঠে দেখতে পান তাদের বাসার সামনে দেশীয় এক বস্তা অস্ত্র ফেলে রাখা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিলে তারা এসে সেগুলো নিয়ে যায়।’

তিনি আরো বলেন, ‘আমরা মনে করি, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার অপচেষ্টা।’ তিনি আরো অভিযোগ করেন, ‘গতকাল বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের নির্বাচনী জনসভায় মাওলানা নুরুল করিমের বড় ভাই মাওলানা রেজাউল করিমকে বক্তব্য দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি অপারগতা প্রকাশ করলে তাকে বিপদে ফেলার হুমকি দেয়া হয়। আমরা মনে করি ‘অস্ত্র নাটক’ এই হুমকিরই অংশ বিশেষ।