সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে ড. আ জ ম ওবায়েদুল্লাহর শূন্যতা পূরণ হওয়ার নয় : গোলাম পরওয়ার
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
সুস্থ ধারার সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনের বহুমুখী প্রতিভাধর ব্যক্তিত্ব, বিশিষ্ট লেখক, গীতিকার ও গবেষক ড. আ জ ম ওবায়েদুল্লাহর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির আলোচনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তিনি একজন প্রকৃত লেখক ও গবেষক ছিলেন। তিনি যে উপকারী জ্ঞান ও সত্যের মশাল রেখে গেছেন, তার দ্বারা প্রভাবিত হয়ে সমাজ আলোকিত হতো। ড. ওবায়েদুল্লাহ জীবনের পুরো সময়টাই আদর্শিক সাহিত্য-সংস্কৃতির প্রচারে নিরলস পরিশ্রম করেছেন। তার ইন্তেকালে জাতি একজন স্বপ্নচারী গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগীকে হারিয়েছে। সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনে তার যে শূন্যতা তৈরি হয়েছে, তা কখনো পূরণ হওয়ার নয়।
গতকাল বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’- এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিশেষ অতিথির বক্তব্যে দেশীয় সাংস্কৃতিক সংসদের অন্যতম উপদেষ্টা দেলোয়ার হোসেন বলেন, ড. ওবায়েদুল্লাহ শিশুদের নিয়ে লিখেছেন। তিনি একজন ক্ষণজন্মা প্রতিভা ছিলেন। তার ‘হে তরুণ তোমার জন্য’ বই পড়েই আমরা হতাশা দূর করেছি। তার রেখে যাওয়া কাজ আমাদের সম্পন্ন করতে হবে।
মরহুমের বড় ছেলে উমার মুসান্না স্মৃতিচারণ করে বলেন, তিনি একজন সফল মানুষ ছিলেন। নিজের সব যোগ্যতা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। ঘরে এবং বাইরে তিনি একই মানুষ ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মরহুমের জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শিত হয়, যার রচনায় ছিলেন সালমান রিয়াজ, ধারাবর্ণনায় ছিলেন শরীফ বায়জীদ মাহমুদ। একক সঙ্গীত পরিবেশন করেন শিল্পী মশিউর রহমান, তাওহীদুল ইসলাম, মোরশেদুল ইসলাম ও সাইফুল আরেফিন লেলিন। কবিতা আবৃত্তি করেন শরীফ বায়জীদ মাহমুদ, মাহবুব মুকুল ও মুস্তাগিছুর রহমান।
কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি জেনারেল ড. মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, গীতিকার তাফাজ্জল হোসাইন খান, কবি মোশাররফ হোসেন খান, কবি সোলায়মান আহসান, ইব্রাহীম মণ্ডল, ড. মাহফুজুর রহমান আখন্দ, ড. আহসান হাবীব ইমরোজ, আবেদুর রহমান, ডা: আবু হেনা আবিদ জাফর, অ্যাডভোকেট পারভেজ হোসেন এবং সসাসের নির্বাহী পরিচালক আবু মুসাসহ মরহুমের পরিবারের সদস্যরা।
সভা শেষে উপস্থিত ড. আ জ ম ওবায়েদুল্লাহর মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।