ফতুল্লায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা ৪ জন গুলিবিদ্ধ, আটক ১
Printed Edition
নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে এক মোবাইল ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়দের বাধার মুখে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালালে আমীর হোসেনসহ চারজন গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করলে স্থানীয়রা শামীম ওরফে জুয়েল নামে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লার পশ্চিম রসুলপুর ভাঙ্গারপুল এলাকায় সুমন মিয়ার ফ্লেক্সিলোডের দোকানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে শামীম ওরফে জুয়েল নামের আটক ব্যক্তি সুমনের দোকান থেকে দুই হাজার টাকার ফ্লেক্সিলোড নিয়ে পরিশোধ করতে পারেননি। পরে সুমন তাকে আটকে রেখে টাকা আদায় করে ছেড়ে দেন। এরই জেরে রোববার রাতে প্রতিশোধ নিতে শামীমসহ চার-পাঁচজন দু’টি মোটরসাইকেলে করে এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সুমনকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা করে। তখন স্থানীয় আনোয়ার হোসেন তাদের পরিচয়পত্র দেখতে চাইলে তাকে পিস্তল ঠেকিয়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা তাদের ঘিরে ফেললে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়।
গুলিতে আমির হোসেন নামে একজন গুরুতর আহত হন। এ ছাড়া আরো তিনজনের শরীরের বিভিন্ন অংশ ঘেঁষে গুলি গেলে তারা আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে শামীম ওরফে জুয়েলকে মোটরসাইকেলসহ আটক করে গণধোলাই দেন। তবে অন্যরা অস্ত্রসহ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা জব্দ এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চার পথচারী গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে আমির হোসেনের অবস্থা গুরুতর। আটক ব্যক্তি নিজের নাম কখনো শামীম, কখনো জুয়েল বলছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে এবং তার কাছ থেকে অন্য জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছে।