যুক্তরাষ্ট্রে পাচারের শিকার ৬২ হাজার অভিবাসী শিশু উদ্ধার

Printed Edition

নিউ ইয়র্ক প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে পাচার, জোরপূর্বক শ্রমসহ নানা ভয়াবহ নির্যাতনের শিকার হওয়া ৬২ হাজারের বেশি অভিবাসী শিশুকে উদ্ধার করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় রোববার (৭ ডিসেম্বর) ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সীমান্ত বিষয়ক প্রধান টম হোম্যান এ তথ্য জানিয়েছেন।

হোম্যান বলেন, জো বাইডেনের আমলে পাঁচ লাখের বেশি শিশু অবৈধভাবে পাচার হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। তাদের মধ্যে থেকে প্রায় তিন লাখ শিশুর কোনো খোঁজই পাওয়া যাচ্ছিল না। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা এ সব শিশুকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরো বলেন, আমরা জানি এদের অনেকেই পাচারের শিকার, অনেককে জোরপূর্বক শ্রমে বাধ্য করা হচ্ছে, আর অনেকেই নির্যাতিত হচ্ছে। আমরা যে নির্যাতনের তথ্য পেয়েছি, তার সব কিছু বলা সম্ভব নয়।

হোম্যান অভিযোগ করেন, বাইডেন প্রশাসন এসব অভিবাসী শিশুদের খোঁজ নেয়াই বন্ধ করে দিয়েছিল এবং তাদের উদ্ধারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি।