সংস্কার এড়িয়ে ফ্যাসিবাদের পথে সরকার : গোলাম পরওয়ার

Printed Edition
back-2
জাতীয় প্রেস ক্লাবে এনডিএফের সেমিনারে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনের লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা ছিল উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বর্তমান সরকার সংস্কার এড়িয়ে ক্রমান্বয়ে ফ্যাসিবাদের পথে হাঁটছে।

গতকাল ‘জুলাই বিপ্লব, স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এ সেমিনারের আয়োজন করে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা কেবল সরকার পরিবর্তনের জন্য জীবন দেননি। তারা এমন একটি রাষ্ট্র চেয়েছিলেন, যেখানে দুর্নীতি থাকবে না, ভিন্নমত দমন করা হবে না এবং প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা থাকবে না। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, জুলাই আন্দোলনের সুবিধাভোগীরা প্রয়োজনীয় সংস্কার করতে চান না; বরং ফ্যাসিবাদী ধারা অব্যাহত রাখছেন।

তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় ঝুঁকি নিয়ে কাজ করা চিকিৎসকদের অনেককে দুর্গম এলাকায় বদলি করা হচ্ছে। একইসাথে নামাজ পড়েন বা বোরকা পরেন- এমন চিকিৎসকদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই আন্দোলনের কারণেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু এখন আন্দোলনের চেতনা উপেক্ষা করা হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘ক্ষমতায় গিয়ে কি রক্তাক্ত জুলাইকে ভুলে গেলেন?’

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে সংস্কার এড়িয়ে যাওয়া হচ্ছে। তার দাবি, প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, আন্তর্জাতিক চুক্তিগুলো সংসদে উপস্থাপন করতে হবে- এমন কয়েকটি প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি। তিনি আরো বলেন, প্রয়োজনীয় সংস্কার না হলে ভবিষ্যতে আবারো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার ঝুঁকি তৈরি হবে।

সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ডা: শফিকুল ইসলাম মাসুদ বলেন, ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে জুলাই আন্দোলনের বিভিন্ন স্লোগান মুছে ফেলা হচ্ছে। তার অভিযোগ, জুলাইয়ের স্মৃতি জনগণের মন থেকে মুছে দেয়ার চেষ্টা চলছে। তিনি জুলাই আন্দোলনে চিকিৎসকদের ভূমিকা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র শিক্ষার্থীদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। যশোর-২ আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, জুলাই আন্দোলনের সময় দেশে ও দেশের বাইরে বহু চিকিৎসক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের অবদান ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা: মোহাম্মদ সুজন শরীফ। তিনি জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় চিকিৎসকদের ভূমিকা তুলে ধরে বৈষম্যহীন ও সুসংহত স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কয়েকটি সুপারিশ উপস্থাপন করেন। একইসাথে ‘জুলাই চিকিৎসক স্মারক’ও উপস্থাপন করেন।

এনডিএফের সহসভাপতি ডা: মো: আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- হাফেজ রাশেদুল ইসলাম এমপি, এনডিএফের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা: সাজেদ আব্দুল খালেক, ডাকসু ভিপি সাদিক কায়েম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি মো: শহিদুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এনডিএফ সভাপতি ডা: এম জি ফারুকসহ অন্যরা। সঞ্চালনা করেন এনডিএফ ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা: শাহরিয়ার মারুফ।