ফাইনালে অ্যাথলেটিকোর সাথী সোসিয়েদাদ
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বার্সেলোনাকে হারিয়ে কোপা দেল রে’র ফাইনালে আগেই জায়গা করে নিয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। এবার শিরোপা মঞ্চে তাদের সাথী হলো রিয়াল সোসিয়েদাদ। অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে গত পরশু ১-০ ব্যবধানে জয় পেয়েছে সোসিয়েদাদ। বিলবাওয়ের মাঠ সান মামেসে প্রথম লেগেও ১-০ ব্যবধানে জয় পেয়েছিল সোসিয়েদাদ। দুই লেগ মিলে ২-০ এগ্রিগেটে ফাইনালে উঠল তারা। আগামী ১৯ এপ্রিল ফাইনালে অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ।
নিজেদের মাঠ অ্যানোয়েটা স্টেডিয়ামে ফিরতে লেগে বল পজিশনে ৫১ শতাংশ এগিয়ে ছিল রিয়াল সোসিয়েদাদ। এর মধ্যে গোলের জন্য নেয়া ১১ শটের পাঁচটি লক্ষ্যে রেখে একবার জালের দেখা পায় স্বাগতিক দল। বিপরীতে ৯ শটের দু’টি লক্ষ্যে রাখলেও গোল আদায় করতে ব্যর্থ হয় অ্যাথলেটিকো বিলবাও। ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। শুরুর দিকে ইনাকি উইলিয়ামসের বাড়ানো বল থেকে আলেক্স বেরেঙ্গের ল্যভ্রষ্ট হেডে গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করাই শেষ পর্যন্ত খেসারত দিতে হয় অ্যাথলেটিকোকে। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল সোসিয়েদাদ। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত। বক্সে ইনিগো রুইজ ডি গ্যালারেটা জার্সি টেনে ধরেন ইয়াঙ্গেল হেরেরার। রেফারি প্রথমে খেলা চালিয়ে গেলেও পরে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন। ঠাণ্ডা মাথায় স্পট কিকে বল জালে পাঠান মিকেল ওইয়ারজাবাল। ফিরতি লেগে তার সেই গোলেই জয় নিশ্চিত হয় সোসিয়েদাদের।