হাদি হত্যার আসামিদের দ্রুত দেশে আনার কাজ চলছে : আইজিপি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন আইজিপি মো: আলী হোসেন ফকির।
গতকাল সোমবার পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইজিপি বলেন, হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে দেশে আনার েেত্র কূটনৈতিকভাবে কাজ চলছে।
তিনি আরো বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজি তথা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আমাদের বড় চ্যালেঞ্জ। সারা দেশে চাঁদাবাজ, সন্ত্রাসী, অপরাধীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। দ্রুত অভিযান শুরু হবে। তিনি জানান, সারা দেশে থানা হবে জিরো কমপ্লেইন। মব সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আইজিপি আলী হোসেন ফকির বলেন, পুলিশের প থেকে কেউ অতি উৎসাহী হবে না, ন্যায় বিচারে কাজ করবে পুলিশ। তবে জনগণকে আইন মেনে চলতে হবে। তিনি বলেন, কোনো নিষিদ্ধ সংগঠন আইনবহির্ভূত কোনো কাজে জড়িত থাকলে ছাড় দেয়া হবে না। ‘জুলাই বিপ্লব’কে কেন্দ্র করে কেউ যেন ফায়দা লুটতে না পারে, সে দিকেও নজর রাখছে পুলিশ।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ সরকারের জনগণের অংশ, পুলিশ সেবা প্রদান করে যাবে। পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে। পুলিশকে জনগণের কাছাকাছি আনতে থানাগুলোকে ‘জিরো কমপ্লেইন থানা’ হিসেবে প্রতিষ্ঠা করতে চান বলেও জানান তিনি। তার মতে, প্রতিটি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো গেলে অনেক সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে।
তিনি বলেন, বিগত সময়ে সব পুলিশ অন্যায় কাজে জড়িত ছিল না। পুলিশের দুর্নামের জন্য কিছু পুলিশ সদস্য দায়ী মন্তব্য করে আইজিপি বলেন, পুলিশের পদোন্নতি, পদায়নে কোনো ধরনের স্বজনপ্রীতি হবে না। সৎ ও যোগ্য লোক থাকবে পুলিশে। আর পুলিশের পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো: আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (অর্থ) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোসলেহ উদ্দিন আহমদ, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) সরদার নূরুল আমিন।