মডেল মসজিদ তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে : ধর্ম উপদেষ্টা
Printed Edition
বাসস
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মডেল মসজিদ তৃণমূল পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে ধর্মীয় আবহে মানুষের মধ্যে ইবাদতের প্রবণতা বৃদ্ধি পাবে, আর এভাবে সচ্চরিত্রবান মানুষ তৈরি হবে।
গতকাল বুধবার সকালে নাটোরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদের সংখ্যা যত বৃদ্ধি পাবে, মুসল্লির সংখ্যাও তত বাড়বে। মুসল্লির সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধ প্রবণতাও কমে আসবে, আর এর মধ্য দিয়ে একটি পরিশীলিত ও উন্নত সমাজ গড়ে উঠবে।
মডেল মসজিদ পরিচালনায় জনসাধারণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন আরো বলেন, ‘এই মসজিদ আপনাদের। সরকার কেবল এটি তৈরি করে দিয়েছে। এ মসজিদ সচল রাখার দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে।’ তিনি বলেন, এ মসজিদকে নামাজের উপযোগী রাখার দায়িত্ব আপনাদের। ধর্ম উপদেষ্টা আরো বলেন, এখানে বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা আছে। এ বিষয়ে আমরা অবগত আছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে বসে আমরা এই সঙ্কট নিরসনের চেষ্টা করব। এ সময় খালিদ হোসেন বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সরকার এ মসজিদ পরিচালনা করতে চায়। এ মসজিদ পরিচালনার দায়িত্বে জনগণকে সম্পৃক্ত করতে চায়।
মডেল মসজিদ নির্মাণে কোথাও কোথাও কিছু ত্রুটি হয়েছে। কোনো কোনো মসজিদের নির্মাণকাজ মানসম্মত হয়নি এবং কোথাও কোথাও সাইট সিলেকশন ভালো হয়নি। এ ব্যাপারে ধর্ম উপদেষ্টা বলেন, যেখানে ইতোমধ্যে নির্মাণকাজ চলছে, ১৪ হতে ১৫ কোটি টাকা খরচ হয়ে গেছে, সেগুলো এখন আর বন্ধ করা সম্ভব নয়। তবে নির্মাণ ত্রুটিগুলো সমাধান করা হচ্ছে এবং একটি কমিটি এ বিষয়ে কাজ করছে। তিনি মসজিদ নির্মাণে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে, সেটা সংশ্লিষ্ট জেলা প্রশাসককে জানানোর জন্য অনুরোধ জানান।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তৃতা করেন- মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: শহিদুল আলম ও পুলিশ সুপার এম এ ওয়াহাব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম, উপপ্রকল্প পরিচালক মোহাম্মাদ ফেরদৌস-উজ-জামান ও নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান। পরে উপদেষ্টা নাটোর সদর ও গুরুদাসপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন। উল্লেখ্য, প্রত্যেক জেলা ও উপজেলাতে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এ মডেল মসজিদগুলো নির্মিত হয়েছে। তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটানোর লক্ষ্যে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই মসজিদগুলোর নির্মাণকাজ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ। নাটোরের এ তিনটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে মোট ৪৬ কোটি ৭৭ লাখ টাকা।