প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদ আযাদ ও স্বতন্ত্র তাসনিম জারা

প্রথম দিনে নির্বাচনী মাঠে ফিরলেন আরো ৫১ প্রার্থী

ইসিতে আপিল শুনানি শুরু

Printed Edition

বিশেষ সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল শুনানির প্রথম দিনেই নির্বাচন কমিশন (ইসি) ৫২টি আবেদন মঞ্জুর করেছে। এর ফলে নতুন করে ৫১ জন প্রার্থী নির্বাচনী প্রতিযোগিতায় ফিরে এসেছেন। একই সাথে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে।

ইসি সূত্র জানায়, শনিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শুনানিতে মোট ৭০টি আপিল নিষ্পত্তির জন্য নির্ধারিত ছিল। শুনানি শেষে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিলের মধ্যে ৫১টি মঞ্জুর হয়। অপর দিকে বৈধ মনোনয়নের বিরুদ্ধে করা একটি আপিল মঞ্জুর হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামানের মনোনয়ন বাতিল করা হয়।

এ ছাড়া ১৫ জন প্রার্থীর আপিল খারিজ হয়েছে এবং তিনটি আবেদন শুনানির অপেক্ষমাণ রয়েছে বলে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।

উল্লেখযোগ্যভাবে যাদের প্রার্থিতা ফিরে এসেছে তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ আসনের প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ এবং ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা: তাসনিম জারা।

গতকাল শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। আপিলকারী ও তাদের আইনজীবীরা প্রার্থিতা বৈধতার পক্ষে যুক্তি উপস্থাপন করেন।

আজ রোববার ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই কার্যক্রম চলবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে।

ইসি সূত্র জানায়, সারা দেশে রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। এর বিরুদ্ধে পাঁচ দিনে ৬৪৫ জন প্রার্থী আপিল করেন।

যেসব দলের প্রার্থীরা প্রার্থিতা ফিরে পেয়েছেন

বিএনপি : ১ জন; জামায়াতে ইসলামী : ১ জন; জাতীয় পার্টি : ১৩ জন; ইসলামী ঐক্যজোট : ১ জন; বাংলাদেশ সুপ্রিম পার্টি : ২ জন; খেলাফত মজলিস : ৫ জন; ইসলামী আন্দোলন বাংলাদেশ: ৪ জন; বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল : ১ জন; বাংলাদেশ কংগ্রেস : ১ জন; বিপ্লবী ওয়ার্কার্স পার্টি : ১ জন; জাগপা : ২ জন; ইসলামিক ফ্রন্ট : ১ জন; এবি পার্টি : ১ জন; বাসদ : ২ জন; ইনসিয়াত বিপ্লব বাংলাদেশ : ১ জন; স্বতন্ত্র প্রার্থী: ১৩ জন

হামিদুর রহমান আযাদের প্রার্থিতা বৈধ

জাতীয় সংসদের কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার দুপুরে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত জানায়। এর আগে গত ২ জানুয়ারি মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বাতিল করেছিলেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আপিল করেন।

শুনানি শেষে তার আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু সাংবাদিকদের বলেন, “রিটার্নিং কর্মকর্তা যে কারণে মনোনয়ন বাতিল করেছিলেন, তার বিপক্ষে আমরা যথাযথ তথ্য ও যুক্তি উপস্থাপন করি। কমিশন আমাদের আপিল মঞ্জুর করেছে। এখন নির্বাচনে অংশ নিতে আর কোনো আইনি বাধা নেই।”

তাসনিম জারার প্রার্থিতা বৈধ : ফুটবল প্রতীক চাইলেন

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা: তাসনিম জারার প্রার্থিতাও বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

গতকাল শনিবার আগারগাঁওয়ে শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ফুটবল প্রতীক বরাদ্দের জন্য আবেদন করবেন।

তিনি বলেন, “আমাদের আপিল মঞ্জুর হয়েছে। মনোনয়ন বৈধ হয়েছে। মানুষের সমর্থন ও দোয়ায় আমি কৃতজ্ঞ। এখন প্রতীক বরাদ্দের জন্য আবেদন করব।”

পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোট স্থগিত

সংসদীয় সীমানা সংক্রান্ত মামলার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। শনিবার এ বিষয়ে পরিপত্র জারি করা হয়।

ইসি জানায়, আপিল বিভাগের ৫ জানুয়ারির আদেশের আলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই দুই আসনে নির্বাচন স্থগিত থাকবে।

পোস্টাল ব্যালট গণনায় মক ভোটিং

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালট গণনার প্রস্তুতি যাচাইয়ে নির্বাচন কমিশন মক ভোটিং কার্যক্রম পরিচালনা করেছে। ইটিআই ভবনে অনুষ্ঠিত এই কার্যক্রমে প্রায় ১,২০০টি পোস্টাল ব্যালট খাম ব্যবহার করা হয়। ভোট গণনার সময়, জনবল প্রয়োজন এবং ত্রুটি শনাক্ত করাই ছিল মূল লক্ষ্য।

গতকাল (শনিবার) সকাল ৯টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে এ কার্যক্রম শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন ইটিআই-এর মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. সালীম আহমেদ খান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো: জাকির হোসেনসহ পোস্টাল ভোট গণনা প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

নির্বাচন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন জানান, এই মক ভোটিংয়ে কোনো নির্বাচনী দল সংশ্লিষ্ট নয়- এমন পাঁচটি প্রতীক ব্যবহার করে পোস্টাল ব্যালটের ভোট গ্রহণ ও গণনার একটি পূর্ণাঙ্গ ট্রায়াল পরিচালনা করা হয়েছে। এর মাধ্যমে পোস্টাল ভোট গণনার পদ্ধতিতে কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা রয়েছে কি না তা নির্ণয় এবং প্রয়োজনে সংশোধনের উদ্যোগ নেয়াই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি আরো জানান, প্রায় ১ হাজার ২০০টি পোস্টাল ব্যালটের খাম নিয়ে এই কার্যক্রম পরিচালিত হয়েছে। একই সাথে বাস্তব নির্বাচনের সময় প্রাপ্ত পোস্টাল ব্যালট গণনায় কত সময় লাগবে এবং সেই কাজে আনুমানিক কতজন পোলিং অফিসারের প্রয়োজন হবে- তা নির্ধারণ করাও এই মক ট্রায়ালের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।

এ প্রসঙ্গে মামুনুর হোসেন জানান, ভোটারের পরিচয়ের গোপনীয়তা সম্পূর্ণভাবে নিশ্চিত রাখতে প্রতিটি খাম থেকে প্রথমে কেবল ঘোষণাপত্রই বের করা হচ্ছে এবং সেটির বৈধতা যাচাই করা হচ্ছে। কোনো ঘোষণাপত্রে সঠিক স্বাক্ষর না থাকলে সেটিকে বাতিল ঘোষণা করে রিটার্নিং অফিসার সিল ও স্বাক্ষর দিচ্ছেন। একই সাথে সংশ্লিষ্ট গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট কাগজও বাতিল হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক আজ

আজ সকাল ৯টায় নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর ১৬টি সংস্থা নিয়ে ইসির সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। বৈঠকে সশস্ত্রবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড, এনএসআই, ডিজিএফআইসহ সংশ্লিষ্ট বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : শামীম হায়দার

জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, “মব সংস্কৃতি দমন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনকে আরো শক্ত অবস্থান নিতে হবে।”

তিনি ইসির প্রশাসনিক কর্তৃত্ব কার্যকরভাবে প্রয়োগের আহ্বান জানান।