ইসরাইল নিয়ে পোস্টের দায়ে ইউরোপীয় পার্লামেন্টের মুসলিম সদস্য গ্রেফতার
Printed Edition
রয়টার্স
ফ্রান্সের রাজনৈতিক দল ‘লা ফ্রান্স ইনসুমিজ’ (এলএফআই) থেকে নির্বাচিত ইউরোপীয় পার্লামেন্টের মুসলিম সদস্য রিমা হাসানকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ১৯৭০-এর দশকে ইসরাইলি বিমানবন্দরে একটি সন্ত্রাসী হামলার বিষয়ে মন্তব্য করার অভিযোগে গত বৃহস্পতিবার তাকে হেফাজতে নেয়া হয়।
এলএফআই নেতা জঁ-লুক মেলঁশোঁ এই গ্রেফতারের খবর নিশ্চিত করে সরকারের তীব্র সমালোচনা করেছেন। ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানিয়েছে, রিমা হাসানের পোস্টটি ‘সন্ত্রাসবাদের সমর্থনে উনকানি’ হিসেবে গণ্য হতে পারে এমন সন্দেহে কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করেছে।
তদন্তকারীদের মতে, রিমা হাসানের বিতর্কিত পোস্টটি ছিল ১৯৭২ সালে তেল আবিবের লোদ বিমানবন্দরে জাপানি রেড আর্মি নামক একটি উগ্র বামপন্থী গোষ্ঠীর চালানো হামলার বিষয়ে। সেই ভয়াবহ হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছিলেন। রিমা হাসান তার এক্স অ্যাকাউন্টে সেই হামলার জন্য দায়ী একজন দ-িত ব্যক্তির মন্তব্য উদ্ধৃত করেছিলেন, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ‘নিপীড়নের’ দোহাই দিয়ে ওই হত্যাকাণ্ডকে যৌক্তিক করার চেষ্টা করা হয়েছিল। যদিও পরবর্তীতে তিনি পোস্টটি মুছে ফেলেন, তবে ফরাসি আইন প্রয়োগকারী সংস্থাগুলো একে জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মনে করছে। রিমা হাসান বা তার আইনজীবীর পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এই ঘটনার প্রতিবাদে ফ্রান্সের প্রধান বিরোধী দল এলএফআইয়ের নেতা জঁ-লুক মেলঁশোঁ সরব হয়েছেন।