মুক্তাগাছায় ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
Printed Edition
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের মুক্তাগাছায় টাকা-পয়সাসংক্রান্ত বিরোধের জেরে লোকমান হোসেন (৬৫) নামে এক ভাঙ্গাড়ি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার জগন্নাথবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন বাঁশাটি ইউনিয়নের পান্নাথবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে ভাঙ্গাড়ি ব্যবসার সাথে যুক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর আগে লোকমান তার মেয়েকে জগন্নাথবাড়ি গ্রামের হাফিজ উদ্দিনের সাথে বিয়ে দেন। সম্প্রতি হাফিজ উদ্দিন তার চাচাতো বোন পারুল আক্তারের কাছ থেকে নেয়া পাঁচ হাজার টাকা ফেরত না দেয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ তৈরি হয়। বিষয়টি মীমাংসার জন্য লোকমান হোসেন ছেলে নাজমুলকে সাথে নিয়ে মেয়ের বাড়িতে যান এবং নাতনীর বিয়ের পর টাকা পরিশোধের আশ্বাস দেন।
এ সময় উত্তেজিত হয়ে পারুল আক্তারের লোকজন লাঠিসোঁটা নিয়ে লোকমান ও তার ছেলের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লোকমান হোসেনের মৃত্যু হয়।