শাহজাদপুরে চাচার হাতে ভাতিজা খুন

Printed Edition

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

মাহতাব হোসেন হৃদয় নামের পাঁচ বছর বয়সী এক শিশুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার আপন চাচাদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার পল্লী অঞ্চল গালা ইউনিয়নের মারজান গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত হৃদয়ের বাবা ফারুক হোসেন জানান, গ্রামের মৃত্যু হাতেমের ছেলে হামেদ আলীর সাথে বাড়ির সীমানায় টয়লেট নির্মাণ কেন্দ্র করে ফারুক হোসেনের সাথে বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতিও হয়। এ সময় হামেদের পক্ষ নিয়ে তার অন্য ভাই পেশকার, আশকার, হাকিম এবং মোক্তার লাঠিসোঁটা এবং চাপাতি নিয়ে এগিয়ে গেলে ফারুক হোসেন ছেলে হৃদয়কে কোলে নিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় হামেদের চাপাতির কোপে হৃদয় ফারুকের কোল থেকে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় ফারুক হোসেন দৌড়িয়ে পালাতে পারলেও মাহতাব হোসেন হৃদয় গুরুতর আহত হয়। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) নাজমুল কাদের জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।