ব্রাহ্মণবাড়িয়ায় বাস দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত
Printed Edition
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় আনসার সদস্যদের বহনকারী একটি বাস দুর্ঘটনার শিকার হয়ে ১১ জন আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের একটি বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথে পৈরতলা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান ফোরলেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সাথে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসে থাকা ১১ আনসার সদস্য আহত হন।
পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান। আহত আনসার সদস্যরা হলেন- রিদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ।
ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ জানান, দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।