বগুড়া-৬ ও শেরপুর-৩ ভোট
সংশ্লিষ্টদের ছুটি বাতিলসহ বাড়তি দায়িত্ব পালনে নির্দেশনা
Printed Edition
বিশেষ সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত বগুড়া-৬ আসন এবং প্রার্থীর মৃত্যুজনিত স্থগিত শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ অফিস আদেশ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী কার্যক্রম নির্বিঘœ রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বাতিলসহ অফিস সময়ের পরেও দায়িত্ব পালনের নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ৯ এপ্রিল এই দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দিয়েছে ইসি। ইসি জানায়, গত ২৪ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সচিবালয়ের আওতাধীন মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারী (রাজস্ব ও আউটসোর্সিং) সাপ্তাহিক সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পর অফিসে উপস্থিত থেকে নির্ধারিত দায়িত্ব পালন করবেন।
কর্মকর্তাদের জন্য বিশেষ নির্দেশনা: আদেশে উল্লেখ করা হয়, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে। সচিবালয়ের পাশাপাশি সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস, সরকারি পরিবহন পুলের গাড়ি চালক এবং দৈনিক ভিত্তিতে নিয়োজিত কর্মীরাও এই নির্দেশনার আওতায় থাকবেন।
ইসি জানায়, নির্বাচন কমিশন সচিবালয়ের সাংগঠনিক কাঠামোর বাইরে থাকা নিরাপত্তা ও প্রটোকল কাজে নিয়োজিত বাহিনীগুলোকেও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। ইসির নিরাপত্তা ও প্রটোকলে নিয়োজিত দেহরক্ষী, গানম্যান, পুলিশ ও আনসার সদস্যদের তফসিল ঘোষণার দিন থেকে ফলাফল প্রকাশ পর্যন্ত সার্বক্ষণিক নিজ নিজ দায়িত্ব পালন করতে বলা হয়েছে।